ভাঙড়ে ৪০ বছরের পুরনো কালীপুজোয় বাধা! কাঠগড়ায় শাসক দলের নেতা, তীব্র চাঞ্চল্য এলাকায়

ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানার পাঁচগাছিয়ায় ৪০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজোর প্যান্ডেল তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে। পুজো কমিটির দাবি, প্রতিবারের মতো এবারও প্যান্ডেল বাঁধতে গেলে বাধা দেন কাইজার ও তাঁর দলবল। পাশাপাশি, প্রভাব খাটিয়ে সেচ দপ্তরের জমি নিজের নামে পাট্টা করে বিক্রি করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, যা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা চলছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতা জানিয়েছেন, তিনি অনেক আগেই ওই জমি বিক্রি করে দিয়েছেন এবং বর্তমান জমির মালিক রেখা মণ্ডলই আদালতের দ্বারস্থ হয়েছেন। জমি কিনে ওই জমিতে পুজো বন্ধ করতে আদালতের শরণাপন্ন হয়েছেন বর্তমান মালিক রেখা মণ্ডল।
এই ঘটনায় আইএসএফ-এর মদত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে, পুজো উদ্যোক্তা সুরজিৎ পালের অভিযোগ, ঐতিহ্যবাহী এই শ্যামা পুজো বন্ধ করার ষড়যন্ত্র চলছে। ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কলকাতা পুলিশের বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। বর্তমানে পুলিশ পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।