মেয়ের সঙ্গে কর্মচারীকে আপত্তিকর অবস্থায় দেখে শিল্পপতির খুনের ঘটনা!

প্রেমের সম্পর্কের জেরে বেঙ্গালুরুতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ব্যবসায়ী
বেঙ্গালুরু: নিজের ১৯ বছর বয়সী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ২২ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। নিহত যুবকের নাম কিরণ। তিনি কেরলের পালক্কাড় জেলার বাসিন্দা এবং অভিযুক্ত ব্যবসায়ী আনন্দরাজের ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সকালে আনন্দরাজ ও তাঁর স্ত্রী বিশেষ কাজের বাহানায় বাড়ির বাইরে যান। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা আচমকা বাড়িতে ফিরে আসেন। বাড়িতে মেয়েকে কিরণের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন আনন্দরাজ। তিনি মেয়েকে পাশের বাড়িতে পাঠিয়ে দিয়ে কিরণের ওপর নির্মমভাবে অত্যাচার শুরু করেন। মারধরের চোটে গুরুতর জখম হয়ে যুবক জ্ঞান হারালে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ ঘিরে সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশকে খবর দেয়।
নিহতের মাসতুতো ভাই প্রসাদের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁর অভিযোগ, কিরণকে একা পাওয়ার সুযোগ তৈরির জন্যই আনন্দরাজ পরিকল্পিতভাবে কিরণের ভাইকে একটি ডেলিভারির কাজের অছিলায় উত্তরপ্রদেশে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে কেউ বাধার সৃষ্টি করতে না পারে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে যে, আক্রমণের সময় আনন্দরাজ ছাড়া আর কেউ সেখানে উপস্থিত ছিলেন কি না। অভিযুক্ত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।