মাইক্রোসফ্‌ট ও গুগ্‌লের পর মেটা, মোটা অঙ্কের টাকা দিয়ে কর্মীদের বিদায় জানাচ্ছেন জ়ুকারবার্গ!

মাইক্রোসফ্‌ট ও গুগ্‌লের পর মেটা, মোটা অঙ্কের টাকা দিয়ে কর্মীদের বিদায় জানাচ্ছেন জ়ুকারবার্গ!

 

স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিচ্ছে মেটা, ফ্রান্সের কর্মীদের জন্য বিশেষ প্যাকেজ

নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে প্রযুক্তি শিল্পে কর্মী ছাঁটাইয়ের আবহে এবার নতুন কৌশলী পথে হাঁটছে মার্ক জুকেরবার্গের সংস্থা মেটা। গুগল ও মাইক্রোসফটের পথ অনুসরণ করে এবার ফ্রান্সের কর্মীদের জন্য ‘ভলানটারি এগজিট অপশন’ বা স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব নিয়ে এসেছে সংস্থাটি।

ফরাসি সংবাদমাধ্যম ‘লা লেত্র’-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে কর্মরত মেটার ৩০০ কর্মীর মধ্যে প্রায় ১০০ জন এই পরিকল্পনার আওতায় পড়তে পারেন। মেটার এই প্রক্রিয়াটি সাধারণ ব্যক্তিগত ইস্তফার মতো নয়; এটি ‘কালেক্টিভ কন্ট্রাকচুয়াল টার্মিনেশন’ (আরসিসি) নামক একটি আইনি প্রক্রিয়ার ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। ফরাসি শ্রম আইন অনুযায়ী, ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সংস্থাটি কর্মীদের সংখ্যা স্বেচ্ছায় কমিয়ে আনার এই উদ্যোগ নিয়েছে। আগ্রহী কর্মীদের আগামী ৫ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।

মেটার এই আর্থিক প্যাকেজটিকে প্রযুক্তি শিল্পের অন্যতম উদার প্রস্তাব হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানা গেছে, কর্মীরা তাদের চাকরির প্রতিটি বছরের জন্য ২.১৫ মাসের বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। পাশাপাশি ১০ মাসের ‘মোবিলিটি লিভ’ পাবেন, যে সময়ে তাঁরা মূল বেতনের ৮০ শতাংশ বেতন প্রাপ্ত হবেন। এছাড়া নতুন ব্যবসা শুরু বা পেশাগত পুনঃপ্রশিক্ষণের ক্ষেত্রেও সংস্থাটি সহায়তার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালেও ফ্রান্সে একই প্রক্রিয়ায় মেটা কর্মী সংখ্যা কমিয়েছিল, যেখানে ৩৫০ জনের মধ্যে ৮৮ জন কর্মী এই সুবিধা গ্রহণ করে পদত্যাগ করেছিলেন। তবে ফ্রান্সের বাইরে বিশ্বের অন্য কোনো দেশে এই সুবিধা দেওয়া হবে কি না, সে বিষয়ে মেটা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

বর্তমানে বিশ্বব্যাপী প্রযুক্তি সংস্থাগুলো কৃত্রিম মেধায় (এআই) বড় ধরনের বিনিয়োগ করছে এবং সেই সঙ্গে নিজেদের কর্মী কাঠামো পুনর্গঠন করছে। এর আগে এপ্রিল মাসে মেটা প্রায় ৮ হাজার পদ ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছিল। সিইও মার্ক জুকেরবার্গের মতে, কৃত্রিম মেধার উন্নতির ফলে এখন অনেক কাজ কম সংখ্যক কর্মী দিয়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এই প্রেক্ষাপটেই মেটা তাদের কর্মীসংখ্যা যৌক্তিক করার প্রক্রিয়ায় গুগ্‌ল ও মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পদাঙ্ক অনুসরণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *