এন্টালিতে ১২ বছরের শিশুকে আটকে রেখে ভয়াবহ যৌন নির্যাতন!

প্রতিবেশী যুবকের বিরুদ্ধে নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ, পলাতক অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: এন্টালি থানা এলাকায় এক ১২ বছর বয়সী নাবালককে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে ওই নাবালক।
পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে ট্যাংরা এলাকার এক প্রাইভেট টিউটরের কাছে পড়তে গিয়েছিল ওই নাবালক। সাধারণত রাত ৯টার মধ্যে বাড়ি ফিরলেও, এদিন রাত ১০টা পার হয়ে গেলেও সে ফেরেনি। চিন্তিত পরিবারের সদস্যরা শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, রাত সাড়ে ৮টার মধ্যেই ছুটি হয়ে গিয়েছিল। এরপর স্থানীয় এক যুবকের কাছ থেকে তথ্য পেয়ে নাবালকের বাবা প্রতিবেশী ওই যুবকের বাড়িতে যান। দীর্ঘক্ষণ ধাক্কাধাক্কির পর অভিযুক্ত যুবক দরজা খোলে এবং সেখানে ওই নাবালককে পাওয়া যায়। অভিযুক্ত দাবি করে, রাতের খাবার খাওয়ানোর জন্যই সে ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। এরপর ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে আসেন তার বাবা।
বাড়ি ফেরার পর থেকেই নাবালক অস্বাভাবিক আচরণ করছিল এবং খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। মঙ্গলবার রাতে চাপে পড়ে সে তার বাবা-মায়ের কাছে ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে। নাবালকের অভিযোগ, ওই যুবক তাকে ঘরে আটকে রেখে প্রায় এক ঘণ্টা ধরে যৌন নির্যাতন চালিয়েছে এবং খুনের ভয় দেখিয়ে বিকৃত যৌন ইচ্ছা পূরণ করেছে। এছাড়া বিষয়টি কাউকে বললে তাকে পুনরায় একই ঘটনার সম্মুখীন হতে হবে বলে হুমকি দেয় অভিযুক্ত।
ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে চড়াও হন, তবে ততক্ষণে সে এলাকা থেকে পালিয়ে যায়। এ বিষয়ে এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতের বাবা। পুলিশ জানিয়েছে, নাবালকের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চালানো হচ্ছে।