মোদিজির নাম ভাঙিয়ে কোটি টাকার প্রতারণা, কলকাতার বুকে পর্দাফাঁস হলো ভুয়ো কল সেন্টারের!

মোদিজির নাম ভাঙিয়ে কোটি টাকার প্রতারণা, কলকাতার বুকে পর্দাফাঁস হলো ভুয়ো কল সেন্টারের!

 

প্রধানমন্ত্রী গ্রামীণ ওয়াইফাই যোজনার নামে প্রতারণা, কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিস; গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: সরকারি প্রকল্পের নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে কলকাতার হেস্টিংস এলাকা থেকে একটি ভুয়ো কল সেন্টারের হদিস পেল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতে হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত ১২ নম্বর গভর্নমেন্ট প্লেস (ইস্ট)-এর একটি বহুতলে অভিযান চালিয়ে চক্রটির মূল ম্যানেজারসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ওই কল সেন্টারের ম্যানেজার কৃষ্ণেন্দু সাহা এবং পাঁচজন মহিলা টেলিকলার রয়েছেন। দীর্ঘদিন ধরে এই অফিসটি ভাড়া নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ফোন করা হতো। প্রতারকরা নিজেদের সরকারি আধিকারিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ‘পিএম ওয়াইফাই যোজনা’ (PM Wi-Fi Yojana)-র লোভনীয় অফারের ফাঁদে ফেলত। গ্রাহকদের প্রতিশ্রুতি দেওয়া হতো, এই প্রকল্পের সদস্য হলে সারাজীবন সম্পূর্ণ বিনামূল্যে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা এবং প্রযুক্তিগত সহায়তা পাওয়া যাবে। এই প্রলোভনে পা দিয়ে বহু মানুষ আর্থিক প্রতারণার শিকার হয়েছেন।

গোপন সূত্রে খবর পেয়ে লালবাজারের গোয়েন্দা বিভাগ এই চক্রের ওপর নজরদারি শুরু করে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বহুতলে হানা দিয়ে প্রচুর ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের ডেটা লিস্ট এবং প্রতারকদের ব্যবহৃত বিশেষ ‘স্ক্রিপ্ট’ বাজেয়াপ্ত করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত নগরপাল (গোয়েন্দা) কুণাল আগরওয়াল জানান, ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই সাইবার প্রতারণার জাল কত দূর বিস্তৃত এবং এর নেপথ্যে অন্য কোনো বড় মাথা বা ‘মাস্টারমাইন্ড’ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উৎসবের মরশুমে শহরের প্রাণকেন্দ্রে এমন ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *