থানার কালীপুজোর নাম করে চাঁদার জুলুম, কাঠগড়ায় খোদ পুলিশ!

থানার কালীপুজোর নাম করে চাঁদার জুলুম, কাঠগড়ায় খোদ পুলিশ!

 

ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন ব্যবসায়ীদের কাছে কালীপুজোর চাঁদা দাবি, তুঙ্গে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, হাওড়া: হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন রিং রোডের ফুটপাতের ব্যবসায়ীদের কাছে কালীপুজোর চাঁদা দাবিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত দুদিন আগে স্থানীয় থানার তরফে ব্যবসায়ীদের ডেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ও অস্বস্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিং রোডের ধারে ছোট-বড় মিলিয়ে শতাধিক অস্থায়ী খাবারের দোকান রয়েছে। অভিযোগ, থানার ভারপ্রাপ্ত আধিকারিকের অগোচরে ব্যবসায়ীদের থানায় ডেকে কালীপুজোর জন্য চাঁদা চাওয়া হয়। অনেকের অভিযোগ, মাথাপিছু তিন হাজার টাকা করে চাঁদা ধার্য করা হয়েছে। দিন আনা দিন খাওয়া অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষেই এই পরিমাণ টাকা দেওয়া সম্ভব নয় বলে তাঁরা জানিয়েছেন। চাঁদা না দিলে দোকান উচ্ছেদের আশঙ্কাও প্রকাশ করছেন কেউ কেউ।

যদিও ব্যবসায়ীদের একাংশের বয়ানে ভিন্ন সুর শোনা গেছে। তাঁদের দাবি, তিন হাজার টাকার কথা শুরুতে বলা হলেও পরে সামর্থ্য অনুযায়ী চাঁদা দেওয়ার কথা জানানো হয়েছে। তাঁদের মতে, এ নিয়ে কোনো জোরজুলুম করা হয়নি। আবার কয়েকজন ব্যবসায়ীর দাবি, থানা থেকে কোনো চাঁদা চাওয়া হয়নি, তাঁরা স্বেচ্ছায় পুজোর জন্য সামান্য সাহায্য করতে চেয়েছেন।

এদিকে, বিষয়টি প্রকাশ্যে আসার পর অধিকাংশ ব্যবসায়ীই এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশের পক্ষ থেকেও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক অস্বস্তি তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *