দিল্লির বস্তি থেকে আমেরিকার মেয়র! কেরালার মেয়ের জয়ে কাঁপছে লস অ্যাঞ্জেলেস

লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমনের
লস অ্যাঞ্জেলেস: মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী শহর লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ নিত্যা রমন। ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন মিডটার্ম নির্বাচনে তিনি তৎকালীন মেয়র কারেন বাসকে পরাজিত করে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, নিত্যা রমন ৫২.৭০ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে কারেন বাস পেয়েছেন ৪৭.৩০ শতাংশ। ভোটের এই ব্যবধানে পরাজয় স্বীকার করে নিয়েছেন বর্তমান মেয়র কারেন বাস।
১৯৮১ সালে কেরালার ত্রিশূরে জন্মগ্রহণ করেন নিত্যা। মাত্র ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি আমেরিকায় পাড়ি জমান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে সমাজবিজ্ঞানে স্নাতক শেষ করার পর, নাগরিক পরিষেবার অভাব ও প্রান্তিক মানুষের সংকট নিয়ে কাজ করতে তিনি ভারতে ফিরে আসেন। ২০১০ সালে দিল্লির বস্তিবাসী মানুষের উচ্ছেদ ও দুর্দশা তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। পরবর্তীতে তিনি চেন্নাইয়ে ‘ট্রান্সপারেন্ট চেন্নাই’ নামে একটি উদ্যোগ শুরু করেন, যার লক্ষ্য ছিল শহুরে পরিকল্পনায় সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলোকে তুলে ধরা।
এরপর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) থেকে নগর পরিকল্পনায় (আরবান প্ল্যানিং) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নিত্যা। ২০১৩ সালে লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। সেখানে গৃহহীন মানুষদের পুনর্বাসন এবং তাঁদের সহায়তার লক্ষ্যে ২০১৭ সালে ‘সেলাহ নেইবারহুড হোমলেস কোয়ালিশন’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী নিত্যা ২০২০ সালে প্রথমবার লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন এবং ২০২৪ সালে পুনর্নির্বাচিত হন। আবাসন সংকট সমাধান, গৃহহীনদের পুনর্বাসন এবং নাগরিক পরিষেবা আধুনিকীকরণে তাঁর কাজ তাঁকে রাজনীতির মূল স্রোতে প্রতিষ্ঠিত করে। দীর্ঘ এই লড়াই ও অভিজ্ঞতার হাত ধরেই এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন এই লড়াকু নেত্রী।