উৎসবের মরসুমে স্বস্তি! ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল

উৎসবের মরসুমে স্বস্তি! ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল

 

উৎসবের ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ রেলের, ১৮ হাজার বিশেষ ট্রেনে যাতায়াত ২ কোটির বেশি যাত্রীর

নিজস্ব প্রতিবেদন: দীপাবলি ও ছটপূজাকে কেন্দ্র করে দেশজুড়ে রেল স্টেশনে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল। শনিবার আনন্দ বিহার টার্মিনাল পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, উৎসবের মরসুমে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চলতি বছর প্রায় ১৮ হাজার বিশেষ ট্রেন চালানো হয়েছে, যার সুবিধা পেয়েছেন দু’কোটিরও বেশি যাত্রী।

শনিবার আনন্দ বিহার টার্মিনাল পরিদর্শনের সময় রেলমন্ত্রী বলেন, গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বছর যাত্রী পরিষেবার মান উন্নত করার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে যাত্রীদের জন্য বিশেষ ‘হোল্ডিং এরিয়া’ তৈরি করা হয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে তিনি তাদের সন্তুষ্টির কথাও উল্লেখ করেন।

আনন্দ বিহার টার্মিনালে মেট্রো স্টেশন, আরআরটিএস (RRTS) এবং বাসস্ট্যান্ডের সংযোগকারী ফুট ওভারব্রিজে অত্যধিক ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রেলমন্ত্রী। তিনি জানান, ওই ফুট ওভারব্রিজটি চওড়া করা অথবা বিকল্প হিসেবে একটি সাবওয়ে নির্মাণের জন্য আধিকারিকদের দ্রুত সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দীপাবলি ও ছটপূজা শেষ হওয়ার পরই এই প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে রেলমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী যাতে কয়েক ঘণ্টার নোটিশে অতিরিক্ত ট্রেন চালানো যায়, সে বিষয়ে রেলওয়ে বোর্ড, জেনারেল ম্যানেজার এবং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। হজরত নিজামুদ্দিন, নয়াদিল্লি, শকুর বস্তি এবং আনন্দ বিহারের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ নজরদারি ও পরিকাঠামোগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষের দাবি, ছটপূজার আগে ফের যাত্রীদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতে এবং উৎসবের মরসুমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে ভারতীয় রেল সবরকমভাবে তৎপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *