টালায় ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন উত্তর কলকাতা, বিপাকে হাজার হাজার মানুষ!

টালা ব্রিজের নিচে বড় পাইপলাইন ফেটে জলমগ্ন উত্তর কলকাতার একাংশ
নিজস্ব প্রতিবেদন: সোমবার সকালে উত্তর কলকাতার টালা এলাকায় বড় ধরনের পাইপ ফেটে জল সরবরাহে বিপত্তি দেখা দেয়। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ টালা রেলস্টেশন সংলগ্ন টালা ব্রিজের নিচে থাকা ব্রিটিশ আমলের ৭২ ইঞ্চি ব্যাসের একটি পুরনো পাইপলাইন হঠাৎ ফেটে যায়। এই পাইপলাইনের মাধ্যমে টালা থেকে শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ করা হয়।
পাইপ ফেটে যাওয়ার ফলে বনমালী সরকার স্ট্রিটসহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। নিরাপত্তার খাতিরে এবং বিদ্যুৎ বিপত্তি এড়াতে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আচমকা জল সরবরাহ ব্যাহত হওয়ায় উত্তর কলকাতার বহু এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হন।
এ বিষয়ে কলকাতা পৌর সংস্থার (কেএমসি) পক্ষ থেকে জানানো হয়েছে, টালা রেল ইয়ার্ডে থাকা একাধিক পাইপের মধ্যে কেবল একটি পাইপে বিপত্তি ঘটায় সামগ্রিক জল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা কম। কেএমসি কর্তৃপক্ষ দ্রুত পাইপলাইন মেরামতির কাজ শুরু করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ঠিক কী কারণে এই পুরনো পাইপটি ফেটে গেল, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।