হাওড়ার ভূতবাগানে বিজেপির অন্দরেই কি তৃণমূল? উমেশের কাণ্ডে স্তম্ভিত রুদ্রনীল!

মন্ত্রীর কালীপুজোয় অংশগ্রহণ ঘিরে হাওড়ায় বিজেপির অন্দরে বিতর্ক
নিজস্ব প্রতিবেদন, হাওড়া: রাজ্যের মন্ত্রী উমেশ রাইয়ের একটি কালীপুজোর উদ্বোধনে যাওয়াকে কেন্দ্র করে হাওড়ার কোনা ভূতবাগান এলাকায় বিজেপির অন্দরে তীব্র অশান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তৃণমূল থেকে সদ্য বিজেপিতে আসা নেতাদের অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন দলের ‘আদি’ কর্মীরা।
রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার ওই এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাঁধে। অভিযোগ, যে পুজোর উদ্বোধনে মন্ত্রী গিয়েছিলেন, তার আয়োজকরা মূলত তৃণমূল আশ্রিত। স্থানীয় বিজেপি কর্মীদের একাংশের দাবি, বিধানসভা নির্বাচনের আগে যাঁরা তৃণমূলের হয়ে সক্রিয় ছিলেন এবং বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছিলেন, তাঁরাই এখন ‘বিজেপি কর্মী’ সেজে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন। মন্ত্রীর ওই অনুষ্ঠানে উপস্থিতিতে প্রকৃত কর্মীরা অপমানিত বোধ করছেন বলে অভিযোগ।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির বিধায়ক রুদ্রনীল ঘোষ দলের ‘পুরানো’ কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “বিগত দিনগুলোর কথা মাথায় রেখে যে কোনও নেতা-মন্ত্রীর উচিত প্রকৃত বিজেপি কর্মীদের পাশে থাকা। তৃণমূল থেকে হঠাৎ করে এসে যাঁরা বিজেপি হওয়ার চেষ্টা করছেন, তাঁদের দূরে সরিয়ে রাখা প্রয়োজন।” রুদ্রনীলের মতে, স্থানীয় বিধায়কের কাছে সুবিধা না পাওয়ায় অনেকেই অন্য পথে মন্ত্রীর শরণাপন্ন হচ্ছেন, যা দলের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। এ ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী উমেশ রাই। তিনি জানান, হাওড়া জেলার একমাত্র মন্ত্রী হওয়ায় তাঁকে প্রচুর অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা করতে হয়। সবার রাজনৈতিক পরিচয় জানা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে মন্ত্রীর সংযোজন, “ধর্মীয় অনুষ্ঠান নিয়ে রাজনীতি করা উচিত নয়।”
এই ঘটনাকে ঘিরে হাওড়ার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। দলের অন্দরের এই গোষ্ঠীকোন্দল আসন্ন সময়ে রাজনৈতিক জটিলতা বাড়াতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।