কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাত দখলমুক্ত করল পুরসভা

কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাত দখলমুক্ত করল পুরসভা

বৃহস্পতিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে পুরসভার উদ্যোগে অভিযান চালানো হয়। সাংসদের বাড়ির সামনে ফুটপাতের উপর বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী শেড বুলডোজ়ার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। পুরসভার কর্মীরা ঘটনাস্থল থেকে বাঁশ ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে ফুটপাত পরিষ্কার করেছেন। এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।

অভিযোগ ছিল, ফুটপাত দখল করে এই অস্থায়ী কাঠামো ও একটি লোহার গেট তৈরি করা হয়েছিল, যার ফলে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। বৃহস্পতিবার গ্যাস কাটার ব্যবহার করে ওই লোহার গেটটিও কেটে সরিয়ে ফেলা হয়। গত কয়েক দিন ধরেই এই শেড ও ফুটপাত দখল নিয়ে বিতর্ক চলছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশও এই কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল, অতীতে নিরাপত্তার প্রয়োজনে পুলিশই এই শেড তৈরি করেছিল। বর্তমানে সেই নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শেডটির আর প্রয়োজন নেই। বুধবার থেকেই অভিষেকের অফিসের কর্মীরা এটি খোলার কাজ শুরু করেছিলেন। তবে বৃহস্পতিবার সকালে পুরসভার কর্মীরা পৌঁছে পুরো এলাকাটি দখলমুক্ত করেন। পুরো প্রক্রিয়া চলাকালীন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *