মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড় পদক্ষেপের পথে মোদী সরকার, ফের বিশেষ অধিবেশনের জল্পনা

দেশজুড়ে সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি কার্যকর করতে ফের উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক বাধা কাটিয়ে এই বিল পাশ করানোর লক্ষ্যে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার প্রস্তুতি শুরু হয়েছে। এই উদ্দেশ্যে নতুন করে সংবিধান সংশোধনী বিল আনার পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদী সরকারের।

সরকারি সূত্রের খবর, ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার মাধ্যমেই লোকসভা ও বিধানসভায় নারী সংরক্ষণের পথ প্রশস্ত করতে চাইছে কেন্দ্র। গতবার লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না মেলায় বিলটি থমকে গিয়েছিল। তবে এবার প্রয়োজনীয় সংখ্যার চেয়ে ১৫ থেকে ১৮টি ভোট বেশি পাওয়ার বিষয়ে সরকার আত্মবিশ্বাসী বলে খবর। যদিও এই বিশেষ অধিবেশনের দিনক্ষণ বা আলোচ্যসূচি এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

কেন্দ্রের নতুন এই প্রস্তাবের অন্যতম বড় দিক হলো লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা। বর্তমানে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা ৫৪৩ হলেও, নতুন প্রস্তাবে তা ৮৫০ করার কথা ভাবা হয়েছে। ডিলিমিটেশনের মাধ্যমে নির্বাচনী কেন্দ্রের সীমানা নতুন করে সাজানোর পাশাপাশি প্রতিটি রাজ্যে লোকসভার আসন সংখ্যা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

মোদী সরকারের লক্ষ্য হলো, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই ৩৩ শতাংশ আসন সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করা। একইসঙ্গে রাজ্য বিধানসভাগুলিতেও এই সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর কেন্দ্র। নতুন খসড়ায় ১৯৭০-এর দশকের জনবিন্যাসের ভারসাম্য বজায় রাখার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে বাজেট অধিবেশনের একটি বিশেষ পর্বে এই বিলটি আনা হলেও তা পাশ করানো সম্ভব হয়নি। সেদিন বিলের পক্ষে ২৯৮ জন সাংসদ ভোট দিলেও বিপক্ষে পড়েছিল ২৩০টি ভোট। প্রয়োজনীয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা না মেলায় বিলটি আটকে যায়। তবে অতীতের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পূর্ণ প্রস্তুতি নিয়েই সরকার ময়দানে নামছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *