৫০ কেজি সোনা ও ১৫০ কেজি রুপোর গয়না খুলে ফুলের সাজে বিদায়, চোখের জলে নৈহাটির বড়মাকে বরণ

“আসছে বছর আবার হবে”— লাখো ভক্তের কণ্ঠে এই প্রার্থনা আর চোখের জলে ভেসে ফুলের সাজে নৈহাটির বড়মাকে বিদায় জানালেন অগণিত মানুষ। অরবিন্দ রোডের ১০৩ বছরের প্রাচীন এই পুজোর নিরঞ্জন শোভাযাত্রাকে ঘিরে বৃহস্পতিবার মন্দির চত্বরে তৈরি হয়েছিল এক আবেগঘন পরিবেশ।
দীপান্বিতা কালীপুজোর সময় বড়মাকে ৫০ কেজি সোনা, ১৫০ কেজি রুপো এবং বহুমূল্য হীরের গয়নায় সাজানো হয়েছিল। তবে বৃহস্পতিবার নিরঞ্জনের আগে রীতি মেনে সেই সমস্ত অলংকার খুলে নেওয়া হয়। এরপর দেবীকে সতেজ ফুলের সাজে সাজিয়ে তোলা হয়।
মন্দির কর্তৃপক্ষের বরণ শেষে প্রথা মেনে দেবীকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। প্রিয় দেবীকে বিদায় জানানোর মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন ভক্তরা। নৈহাটি ছাড়াও ভিন রাজ্য থেকে আসা লাখো মানুষের সমাগম ঘটেছিল রাজপথে।
বিশাল ভিড় সামাল দিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও এনডিআরএফ (NDRF) সদস্যদের মোতায়েন করা হয়েছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরাও পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন।
নিরাপত্তার স্বার্থে ফেরি পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল এবং রাস্তার মোড়ে মোড়ে গার্ডরেল বসানো হয়। এছাড়া আকাশপথে নজরদারির জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ভিড় এড়াতে শহরের বিভিন্ন প্রান্তে এলসিডি স্ক্রিনের ব্যবস্থাও করেছিল প্রশাসন। কড়া নিরাপত্তা ও ভক্তদের ভালোবাসায় নির্বিঘ্নে সম্পন্ন হলো ১০৩তম বর্ষের বিসর্জন।