দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম জাদুঘর ‘যুগে যুগেন ভারত’, খরচ ৩,২৩০ কোটি টাকা

রাজধানী দিল্লির ঐতিহাসিক নর্থ এবং সাউথ ব্লকের চেনা রূপ এবার বদলে যেতে চলেছে। এতদিন যে ভবনগুলি থেকে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি পরিচালিত হতো, সেই স্থাপত্য এবার ভারতের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের সাক্ষী হতে চলেছে। সেখানে গড়ে উঠতে চলেছে বিশ্বের বৃহত্তম জাদুঘর— ‘যুগে যুগেন ভারত’ (Yuge Yugeen Bharat) মিউজিয়াম।

প্রায় ৩,২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্পটি বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী এলাকা বিশিষ্ট জাদুঘর হতে চলেছে। এখানে ভারতের প্রাচীন শিল্প, সংস্কৃতি ও সভ্যতার বৈচিত্র্যকে তুলে ধরা হবে।

এই জাদুঘরের প্রধান আকর্ষণ হলো প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন। এখানে মোট ৩০টি বিশাল গ্যালারি থাকবে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত প্রায় ১৮ লক্ষ ঐতিহাসিক নিদর্শন প্রদর্শিত হবে। এছাড়া দর্শনার্থীদের জন্য অগমেন্টেড রিয়েলিটি (AR) এবং ভার্চুয়াল রিয়েলিটি (VR)-এর মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম এই জাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা করেছিলেন। এরপর বিভিন্ন পর্যায়ের পর্যালোচনার পর, চলতি বছরের ১১ নভেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (CCEA) এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে এই জাদুঘরের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *