দিওয়ালির আগে পার্টিতে ডেকে উপহার, তারপরেই ছাঁটাই! তরুণীর মর্মান্তিক অভিজ্ঞতায় তোলপাড় নেটদুনিয়া

দীপাবলির উৎসবের আবহে এক তরুণীর জীবনে নেমে এল চরম অনিশ্চয়তা। উৎসবের ঠিক কয়েকদিন আগে কোম্পানি বন্ধের আকস্মিক ঘোষণায় রাতারাতি বেকার হয়ে পড়েছেন তিনি। উপহার আর মিষ্টির আশায় বসের দেওয়া পার্টিতে যোগ দিয়ে কীভাবে তাঁর জীবন ওলটপালট হয়ে গেল, সেই অভিজ্ঞতাই তিনি শেয়ার করেছেন রেডিটের r/IndianWorkplace পেজে।
ওই তরুণী জানিয়েছেন, প্রায় আড়াই বছর আগে তিনি একটি সংস্থায় কাজ শুরু করেছিলেন। কিন্তু গুরুগ্রামের দূষণ ও কাজের চাপে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। হাঁপানি ও ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। চিকিৎসকদের পরামর্শে তিনি সেই চাকরি ছেড়ে একটি ছোট প্রোডাকশন কোম্পানিতে ‘রিমোট ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট’ হিসেবে যোগ দেন। নতুন পরিবেশে তাঁর স্বাস্থ্যের উন্নতিও হচ্ছিল।
কিন্তু দিওয়ালির তিন দিন আগে কোম্পানির প্রতিষ্ঠাতা কর্মীদের একটি পার্টিতে আমন্ত্রণ জানান। সেখানে উপহারের ঝুড়ি দেওয়ার কিছুক্ষণ পরেই প্রত্যেককে আলাদা করে ফোন করে জানানো হয় যে, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি নভেম্বরের বেতন দেওয়ার মতো অর্থও সংস্থার হাতে নেই বলে জানানো হয়।
ছোট শহর থেকে উঠে আসা ওই তরুণী জানিয়েছেন, এই পরিস্থিতিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বাড়িতে বাবা-মাকে কীভাবে এই দুঃসংবাদ দেবেন, তা নিয়ে তিনি দিশাহারা। তাঁর এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি কর্পোরেট জগতের নির্মমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।