পুরীর পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় আহত ১৬ পুণ্যার্থী

পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিমবঙ্গ থেকে আসা পুণ্যার্থীদের একটি বাস। শুক্রবার ভোরে ওডিশার জাজপুরের বড়চানায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসটির সজোরে ধাক্কা লাগে। এই ঘটনায় ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে ৫৫ জন যাত্রী নিয়ে বাসটি পুরী যাচ্ছিল। বড়চনা ওভারব্রিজের উপরে ট্রাকটির একটি টায়ার পাংচার হয়ে যাওয়ায় সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসচালক ঘুমিয়ে পড়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ট্রাকের পিছনে ধাক্কা মারে।

ভোরের দিকে যাত্রীরা যখন ঘুমোচ্ছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে। বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে বড়চনা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। পরে দুজনকে কটকে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জন মহিলা রয়েছেন।

দুর্ঘটনার জেরে ওভারব্রিজে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। বড়চানা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসের বাকি যাত্রীদের জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তাঁরা পুরীর উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *