আইআইটি খড়্গপুরে শুরু হচ্ছে এমডি কোর্স, দেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠানে চিকিৎসাবিদ্যার পাঠ

ভারতের উচ্চশিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় এক নতুন নজির গড়ল আইআইটি খড়্গপুর। দেশের প্রথম আইআইটি হিসেবে তারা ন্যাশনাল মেডিক্যাল কমিশন অনুমোদিত স্নাতকোত্তর মেডিক্যাল ডিগ্রি বা এমডি কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই প্রতিষ্ঠানের ডা. বিসি রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে এই কোর্সের পঠনপাঠন শুরু হবে বলে জানিয়েছেন আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী।

জানা গিয়েছে, মোট ছ’টি বিভাগে এই এমডি কোর্স করানো হবে। বিভাগগুলি হলো জেনারেল মেডিসিন, রেডিয়োলজি, ফিজিয়োলজি, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন এবং বায়োকেমিস্ট্রি। নিট-পিজি ২০২৬-এর দ্বিতীয় রাউন্ডের অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে এই আসনগুলিতে ভর্তি নেওয়া হবে।

আইআইটি খড়্গপুরের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং গবেষণার মধ্যে থাকা প্রথাগত সীমানাগুলি ভেঙে ফেলা। এখানে পড়ুয়ারা এমন এক পরিবেশে প্রশিক্ষিত হবেন, যেখানে ক্লিনিক্যাল চ্যালেঞ্জ থেকে নতুন প্রযুক্তির উদ্ভাবন সম্ভব হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোগ নির্ণয়, উন্নত মেডিক্যাল ইমেজিং, বায়োমেডিক্যাল ডিভাইস এবং প্রিসিশন মেডিসিনের মতো ক্ষেত্রগুলিতে গবেষণার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানটির মাইক্রোফ্লুইডিক্স, বায়োইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটেশনাল সায়েন্সের মতো বিষয়ে দীর্ঘদিনের দক্ষতা এই নতুন পাঠ্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে। অধিকর্তা সুমন চক্রবর্তী জানান, তাঁরা কেবল বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে চান না, বরং এমন এক উদ্ভাবনী পরিবেশ গড়তে চান যেখানে চিকিৎসার উৎকর্ষের সঙ্গে প্রযুক্তি ও এআই-এর মেলবন্ধন ঘটবে। তাঁর কথায়, চিকিৎসাবিজ্ঞানের ভবিষ্যৎ কেবল অনুসরণ নয়, বরং তা নির্মাণ করতেই আইআইটি খড়্গপুর এই পদক্ষেপ নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *