খুনের অভিযোগে পলাতক পুলিশ আধিকারিকের দেহ উদ্ধার মধুবনিতে

খুনের অভিযোগে অভিযুক্ত এক পুলিশ আধিকারিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বিহারের মধুবনিতে। বৃহস্পতিবার মধুবনি জেলার বাবুবরহি থানা এলাকা থেকে ওই আধিকারিকের দেহ উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মধুবনি জেলার সিনিয়র পুলিশ সুপার যোগেন্দ্র কুমার।

মৃত পুলিশ আধিকারিকের নাম চন্দ্রমোহন সিং। তিনি বাবুবরহি থানায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) পদে কর্মরত ছিলেন। গত ৩ নভেম্বর বাবুবরহি থানার বলিরাজগড় গ্রামে এক ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনায় আরও তিনজন আহত হয়েছিলেন। অভিযোগ, বলিরাজগড় গ্রামের এক মহিলার সঙ্গে চন্দ্রমোহনের সম্পর্ক ছিল এবং সেই সূত্রেই তিনি গুলি চালিয়েছিলেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাঁকে ধরতে ১২টি বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছিল।

বৃহস্পতিবার বাবুবরহি এলাকার একটি মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে তাঁর আধার কার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য নথি উদ্ধার করেছে পুলিশ। ফরেন্সিক দল তাঁর সার্ভিস পিস্তলটিও উদ্ধার করেছে। মধুবনির সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহের সুরতহাল করা হয়েছে। তিন সদস্যের মেডিক্যাল বোর্ড দেহের ময়নাতদন্ত করবে এবং পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে, এই পুরো ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টার অভিযোগে বাবুবরহি থানার ওসি-কে সাসপেন্ড করা হয়েছে। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশও করেছেন সিনিয়র পুলিশ সুপার। এছাড়া ওই থানার আরও চার কর্মীর বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *