বর্ষায় কেন বাড়ছে ফাঙ্গাল ইনফেকশন? নিজে ডাক্তারি নয়, জানুন চিকিৎসকের পরামর্শ!

বর্ষাকালে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প, ঘাম এবং ভেজা জামাকাপড়ের কারণে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এই সময়ে ফাঙ্গাল ইনফেকশন, র্যাশ, চুলকানি, লাল ভাব ও একজিমা বাড়ে। এমনকি বর্ষাকালে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে আসা রোগীর সংখ্যা প্রায় ৩০% বৃদ্ধি পায়। এর মধ্যে দাদ (Ringworm), অ্যাথলিটস ফুট এবং কুঁচকির ইনফেকশনই সবচেয়ে প্রধান।
আত্মচিকিৎসা ও ঘরোয়া টোটকার ঝুঁকি
গবেষণায় দেখা গেছে, ইনফেকশনে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে ৩ জনই ডাক্তারের কাছে যাওয়ার আগে নিজে নিজেই চিকিৎসা করার চেষ্টা করেন। অনেকেই ফার্মেসি থেকে না বুঝে স্টেরয়েডযুক্ত ক্রিম কিনে মাখেন কিংবা সোশ্যাল মিডিয়ার দেখে হলুদ, রসুন, ভিনিগার, বেকিং সোডা বা টুথপেস্টের মতো উপাদান ব্যবহার করেন।
বিশেষজ্ঞদের সতর্কতা: ঘরোয়া এসব টোটকা জীবাণু দূর করতে পারে না; উল্টে ত্বকের অ্যালার্জি, জ্বালাপোড়া বাড়িয়ে দেয় এবং ইনফেকশনকে আরও দীর্ঘস্থায়ী করে তোলে।
ত্বক সুস্থ রাখার সহজ উপায়
- ত্বক শুকনো রাখুন: বর্ষায় ত্বকের যত্ন নিতে সবচেয়ে জরুরি হলো ত্বক শুকনো রাখা। স্নান বা মুখ ধোওয়ার পর হালকা ক্লিনজার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- পোশাক নির্বাচন: ঢিলেঢালা ও হাওয়া-বাতাস চলাচল করতে পারে এমন পোশাক পরুন। জামাকাপড় ভিজে গেলে দেরি না করে দ্রুত বদলে ফেলুন।
- সুরক্ষামূলক পাউডার: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করতে পারেন।
- রাসায়নিক এড়ান: যাঁদের আগে থেকেই একজিমা বা অ্যালার্জির সমস্যা আছে, তাঁরা ত্বকে অস্বস্তি তৈরি করে এমন রাসায়নিক বা প্রসাধনী এড়িয়ে চলুন।
মনে রাখবেন: ত্বকের যে কোনো সমস্যায় নিজে নিজে ওষুধ না মেখে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকর সমাধান।