বর্ষায় প্রেমে পড়ছেন নাকি! কোন জাদুতে মন হারাচ্ছেন আধুনিক যুগলেরা?

বাইরে ঝিরঝিরে বৃষ্টি, কফি কাপে উষ্ণ চুমুক আর ক্ল্যাসিক প্রেমের গান—বর্ষার এই রোম্যান্টিক আবহাওয়া অবিবাহিতদের মনে নতুন অনুভূতির জন্ম দিচ্ছে। সম্প্রতি আড়াই হাজার ভারতীয় অবিবাহিত যুগলের ওপর চালানো এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৪১ শতাংশ অবিবাহিত মনে করেন, বৃষ্টিভেজা দিনে একসঙ্গে কোয়ালিটি টাইম কাটালেই সম্পর্ক আরও মধুর হয় এবং বন্ধুত্ব দ্রুত প্রেমের স্বীকৃতি পায়। ২৪ শতাংশ মানুষের বিশ্বাস, মনোরম আবহাওয়া ও মেঘ-বৃষ্টির লুকোচুরিই মনে প্রেমের উদ্রেক করে।
সমীক্ষা অনুযায়ী, প্রায় ৭৬ শতাংশ ভারতীয় অবিবাহিত যুগল মনে করেন বর্ষাকালে সঙ্গী খোঁজার প্রবণতা বাড়ে। ৪৯ শতাংশের দাবি, এই ঋতু তাঁদের সম্পর্ককে আরও রঙিন করেছে। বৃষ্টিতে কোথাও আটকে পড়া বা ক্যাফেতে সময় কাটানোর মতো মুহূর্তগুলো দূরত্ব কমিয়ে আনে। অন্যদিকে, ৪৪ শতাংশ যুগল বাড়ির কাছের ক্যাফে এবং ২৬ শতাংশ নিজগৃহে সময় কাটাতে পছন্দ করেন। আপনার মনেও যদি বৃষ্টি দেখলেই বিশেষ কারও কথা বারবার ভেসে ওঠে, তবে বুঝবেন প্রেমে পড়েছেন। আর দেরি না করে বর্ষার এই রোম্যান্টিক আবহেই মনের মানুষকে জানিয়ে দিন নিজের অনুভূতি।