অর্ধেক করে ওষুধ খেলেই কি কমে যায় মূল শক্তি?

শারীরিক অস্বস্তি একটু কমলেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই আস্ত ট্যাবলেট ভেঙে অর্ধেক করে খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। সাধারণ ধারণা হলো, ৫০০ মিলিগ্রামের ট্যাবলেট ভেঙে খেলে তার মাত্রা ২৫০ মিলিগ্রাম হয়ে যায় এবং এতে পার্শ্বপ্রতিক্রিয়া কমে। তবে চিকিৎসা বিজ্ঞানের মতে, সব ওষুধ কেটে বা ভেঙে খাওয়া মোটেও নিরাপদ নয়। ট্যাবলেট মাঝখান থেকে ভাঙলে রক্তে তার শোষণের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে, যা শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
যেসব ট্যাবলেটের মাঝখানে স্পষ্ট দাগ বা খাঁজ থাকে, কেবল সেগুলিই সমান দুই ভাগে ভাঙার জন্য তৈরি। কিন্তু ER, XR বা SR লেখা ‘সাস্টেনড রিলিজ’ ওষুধ বা বিশেষ আস্তরণযুক্ত ক্যাপসুল ভাঙলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এতে ওষুধের পুরো উপাদান একবারে শরীরে প্রবেশ করে ‘ড্রাগ ওভারডোজ’ ও মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই নিজে সিদ্ধান্ত না নিয়ে মাত্রা পরিবর্তন বা ছোট ডোজের জন্য সর্বদা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।