অসুস্থ কর্মীকে বসের চরম অপমান ও বেতন কাটার হুমকি নেটদুনিয়ায় তুঙ্গে বিতর্ক

অসুস্থতার কারণে ছুটি চাওয়াটাই কাল হলো এক ভারতীয় কর্মীর। শারীরিক যন্ত্রণায় বসতে বা দাঁড়াতে অক্ষম ওই যুবক চিকিৎসকের প্রেসক্রিপশন জমা দিলেও মন গলেনি ম্যানেজারের। উল্টে কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ তুলে দুই দিনের বেতন কাটার হুমকি দেওয়া হয় তাকে। রেডিটে শেয়ার করা এই কথোপকথনটি ভারতের কর্পোরেট জগতের অমানবিক ও রূঢ় বাস্তবকে ফের জনসমক্ষে এনেছে, যেখানে সহানুভূতির বদলে কেবল টার্গেট পূরণকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
ভাইরাল হওয়া সেই পোস্টে দেখা যায়, অসুস্থ কর্মী সবিনয়ে ক্ষমা চেয়ে নিজের পরিস্থিতির কথা জানালেও ম্যানেজারের মেজাজ ছিল তুঙ্গে। দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার খোঁটা দিয়ে ওই কর্মীকে মানসিকভাবে হেনস্থা করা হয়। এমনকি প্রথম দশ দিনের কাজের প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন ওই ঊর্ধ্বতন কর্মকর্তা। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ায় নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন। কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ এবং কর্মীদের ন্যূনতম সম্মান নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে সব মহলে।