ভরা ক্লাসে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বেধড়ক জুতোপেটা খেলেন প্রৌঢ় অধ্যাপক

বেঙ্গালুরুর নেলমঙ্গলার এক মেডিকেল কলেজে ক্লাস চলাকালীন ১৯ বছর বয়সী এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে চরম হেনস্থার শিকার হলেন ৫০ বছর বয়সী এক অধ্যাপক। পড়ানোর মাঝেই হঠাৎ ওই ছাত্রীকে উদ্দেশ্য করে মনের কথা প্রকাশ করেন তিনি, এমনকি চকোলেট দেওয়ার পরিকল্পনাও ছিল তাঁর। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রী ও তাঁর সহপাঠীরা মিলে অধ্যাপককে ঘিরে ধরেন এবং ক্যাম্পাসের মধ্যেই তাঁকে চটি-জুতো দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করেন।
অধ্যাপকের দাবি ছিল ওই ছাত্রীই আগে তাঁকে প্রেম নিবেদন করেছিলেন, যা নিয়ে ক্লাসরুমের ভেতরেই তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত কলেজ চত্বরে পুলিশ ডাকতে হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি এবং কলেজ কর্তৃপক্ষও আপাতত কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। চাঞ্চল্যকর এই মারধরের ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।