স্ত্রীর ওপর পৈশাচিক অত্যাচার চালিয়ে শ্রীঘরে ঠাঁই হলো স্বামী ও তার আত্মীয়ের

উত্তরপ্রদেশের জাহাঙ্গীরবাদে নিজের স্ত্রীর ওপর নির্মম নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লাল সিং ও তার আত্মীয় শিবরাজ সিংকে। অভিযোগ অনুযায়ী, গত ১৯ মার্চ ওষুধ আনতে যাওয়ার পথে অভিযুক্তরা ওই মহিলাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় এবং মাদকমিশ্রিত পানীয় খাইয়ে অচৈতন্য করে দেয়। এরপর একটি হোটেলে নিয়ে গিয়ে অভিযুক্ত স্বামী ও হোম গার্ড হিসেবে কর্মরত ওই আত্মীয় মিলে মহিলাকে গণধর্ষণ করে এবং ঘটনাটি জানাজানি হলে প্রাণনাশের হুমকি দেয়। পুলিশ ইতিমধ্য়েই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং বিভাগীয় পদক্ষেপ হিসেবে শিবরাজ সিংকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে এই লাঞ্ছনার এখানেই শেষ নয়, পরবর্তীতে গ্রামের এক যুবক ওই মহিলাকে আবারও হেনস্থা করার চেষ্টা করলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ভুক্তভোগীর পরিবার এই বিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে অভিযুক্তের ভাই তাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় বলে দাবি করা হয়েছে। জাহাঙ্গীরবাদ থানার ইন্সপেক্টর কুমার সিং জানিয়েছেন, গণধর্ষণ ও পরবর্তী হুমকির ঘটনায় পৃথক মামলা রুজু করা হয়েছে। পুলিশ বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে। দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে।