কলিযুগের শেষে পাপের বিনাশ! পুরাণে শ্রীবিষ্ণুর দশম অবতার ‘কল্কি’ সম্পর্কে কী ভবিষ্যদ্বাণী রয়েছে?

হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, পৃথিবীতে যখনই পাপ ও অধর্মের মাত্রা চরম সীমায় পৌঁছায়, তখনই ভারসাম্য ফেরাতে ভগবান বিষ্ণু অবতার রূপে আবির্ভূত হন। বিষ্ণু পুরাণ ও শ্রীমদভাগবত পুরাণ অনুযায়ী, ঘোর কলিযুগে যখন মানুষের মধ্যে শত্রুতা বাড়বে এবং নদী শুকিয়ে যাবে, তখন ধর্ম পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার ‘কল্কি’ মর্ত্যে অবতীর্ণ হবেন। কলিযুগ ও সত্যযুগের ঠিক সন্ধিক্ষণে তাঁর আগমন ঘটবে।
কোথায় জন্ম নেবেন কল্কি অবতার?
পুরাণে উল্লেখ রয়েছে, শম্ভলা নামক স্থানে কল্কি অবতারের জন্ম হবে। তাঁর পিতার নাম হবে বিষ্ণুযশা, যিনি একজন অত্যন্ত ধর্মপ্রাণ এবং তপস্বী ব্রাহ্মণ হবেন।
কেমন হবে তাঁর রূপ ও অস্ত্র?
বর্ণনা অনুযায়ী, ভগবান কল্কির রূপ হবে অত্যন্ত মোহময় ও দিব্যভাবাপন্ন। তিনি ‘দেবদত্ত’ নামক একটি দ্রুতগামী সাদা ঘোড়ায় চেপে আবির্ভূত হবেন। তাঁর হাতে থাকবে এক ঝলমলে তলোয়ার, এবং তাঁর গতি হবে বিদ্যুতের চেয়েও দ্রুত।
কে হবেন তাঁর গুরু?
বিশ্বাস করা হয়, স্বয়ং ভগবান পরশুরাম হবেন কল্কি অবতারের গুরু। তিনি কল্কিকে যুদ্ধবিদ্যা এবং অস্ত্রের কলাকৌশল শেখাবেন, যার সাহায্যে তিনি সমস্ত অশুভ শক্তির বিনাশ করতে সক্ষম হবেন।
কার বিরুদ্ধে হবে এই ধর্মযুদ্ধ?
কল্কি অবতারের মূল লক্ষ্য হবে সমাজ থেকে পাপ, অবিচার এবং অধর্মের মূলোৎপাটন করা। তিনি দুষ্ট শাসক ও অশুভ শক্তির বিস্তারকারীদের বিনাশ করবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, তাঁর সবচেয়ে বড় শত্রু হবেন ‘কলি’, যিনি কলিযুগের অশুভ শক্তির মূল প্রতীক। পুরাণ মতে, এই ধর্মযুদ্ধে কল্কিকে সহায়তা করতে এগিয়ে আসবেন হনুমান, অশ্বত্থামা এবং কৃপাচার্যের মতো অমর সত্তারা।
কলিযুগের অবসান ও সত্যযুগের সূচনা
পুরাণ মতে, অধর্ম যখন তার সর্বোচ্চ সীমায় পৌঁছবে, তখন কল্কি অবতার এই অশুভ শক্তির বিনাশ করে পৃথিবীতে ফের শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করবেন। আর এর মাধ্যমেই শেষ হবে ঘোর কলিযুগ, এবং পৃথিবীতে পুনরায় সূচনা হবে পুণ্যময় সত্যযুগের।
প্রতিবেদনটি প্রস্তুত করেছেন স্বাধীন মানব।