৫১ ফুটের বিশাল কালী প্রতিমা নিরঞ্জন নিয়ে বিপাকে উদ্যোক্তারা!

মণ্ডপের ভিতরেই জল স্প্রে করে প্রতিমা বিসর্জন মহেশতলায়
মহেশতলা: বিশাল আকৃতির প্রতিমা নিরঞ্জন নিয়ে সৃষ্ট জটিলতার অভিনব সমাধান করলেন মহেশতলার নিউল্যান্ড এলাকার পুজো উদ্যোক্তারা। গঙ্গার ঘাটে প্রতিমা নিয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে এবার মণ্ডপের ভিতরেই জল স্প্রে করে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুজো উদ্যোক্তা ও পুলিশ প্রশাসনের মধ্যে দফায় দফায় আলোচনার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এত বড় প্রতিমা গাড়িতে করে গঙ্গায় নিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া রাস্তার উপরে থাকা বিদ্যুতের তার এবং প্রতিমা বহনের জন্য প্রয়োজনীয় বিপুল সংখ্যক লোকের অভাবের কথা মাথায় রেখেই এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ার বিষয়ে মহেশতলার এসডিপিও ধীমান দত্ত বলেন, “এটি বিসর্জনেরই একটি ভিন্ন পদ্ধতি। আগামী বৃহস্পতিবার বিকেলে নিউল্যান্ডের মণ্ডপে জল স্প্রে করে প্রতিমার মাটি গলিয়ে বিসর্জন সম্পন্ন করা হবে।”
দমকল বাহিনীর সঙ্গেও ইতিমধ্যে উদ্যোক্তারা প্রয়োজনীয় আলোচনা করেছেন। মহেশতলায় সচরাচর এভাবে প্রতিমা নিরঞ্জনের নজির না থাকায়, বৃহস্পতিবারের এই অভিনব বিসর্জন প্রক্রিয়া দেখতে এলাকায় ব্যাপক ভিড় হবে বলে মনে করছে পুলিশ-প্রশাসন। প্রয়োজনীয় নিরাপত্তা ও ভিড় সামলাতে তৎপর স্থানীয় প্রশাসন।