আইপিএল খেলার অনুমতি না পেয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা থুশারার

চোটের অজুহাতে আইপিএলে খেলার অনাপত্তি পত্র বা এনওসি না দেওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন লঙ্কান পেসার নুয়ান থুশারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি-র এই ক্রিকেটারের অভিযোগ, তিনি সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও বোর্ড উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর খেলার পথে বাধা সৃষ্টি করছে। বোর্ডের এই অনড় অবস্থানের কারণে তিনি শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন।
থুশারার দাবি, গত ৩১ মার্চ বোর্ডের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং তিনি বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে একজন ‘ফ্রিল্যান্সার’ হিসেবে বিশ্বের বিভিন্ন লিগে খেলতে চান। লঙ্কান পেসারের মতে, বোর্ড ইচ্ছাকৃতভাবে তাঁর পেশাদার ক্যারিয়ারে প্রভাব ফেলছে। এই আইনি লড়াইয়ের খবর প্রকাশ্যে আসতেই দ্বীপরাষ্ট্রের ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
আগামী ৯ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। ক্রিকেটারের এমন কঠোর অবস্থানে এখন বেশ চাপের মুখে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আইপিএলের মাঝপথে থুশারার এই মামলা এবং ফ্রিল্যান্সার হিসেবে খেলার সিদ্ধান্ত লঙ্কান ক্রিকেটের অভ্যন্তরীণ কোন্দলকেই আরও একবার সামনে নিয়ে এল। আদালত এখন ক্রিকেটারের ফিটনেস ও বোর্ডের যুক্তির ভিত্তিতে কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।