আইসিসির বড় পদক্ষেপ: ২০৩২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়তে পারে দলের সংখ্যা!

ক্রিকেটকে বিশ্বজুড়ে আরও জনপ্রিয় করে তুলতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। খবর অনুযায়ী, ২০৩২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ২৪টি করার পরিকল্পনা করছে আইসিসি।
অন্যান্য প্রধান খেলাগুলির বিশ্বকাপে যেখানে কমপক্ষে ২৪টি করে দেশ অংশ নেয়, সেই তুলনায় ক্রিকেট কিছুটা পিছিয়ে রয়েছে। তবে সম্প্রতি আমেরিকা, আয়ারল্যান্ড ও নেপালের মতো সহযোগী (Associate) দেশগুলির নজরকাড়া পারফরম্যান্স আইসিসি কর্তাদের উৎসাহিত করেছে। ক্রিকেটের গ্লোবাল প্রসারের স্বার্থে আরও বেশি দেশকে বিশ্বমঞ্চে সুযোগ দিতে চাইছে আইসিসি।
আইসিসি সূত্রে খবর, প্রতিযোগিতার মান বজায় রাখতে একলাফে দলের সংখ্যা অনেক না বাড়িয়ে ধাপে ধাপে তা বাড়াতে চায় জয় শাহের নেতৃত্বাধীন বোর্ড। ভবিষ্যতে এই সংখ্যা বাড়িয়ে ৩২টি পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে। তবে ২০২৮ এবং ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্বের মতোই ২০টি দল নিয়েই অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অলিম্পিক এবং এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর নতুন নতুন দেশ খেলায় আগ্রহ দেখাচ্ছে। আইসিসি কর্তাদের মতে, নিয়মিত বড় টুর্নামেন্টে খেলার সুযোগ না পেলে এই দেশগুলোর আগ্রহ ধরে রাখা কঠিন হবে। সম্প্রতি আইসিসির বোর্ড বৈঠকে সীমিত ওভারের ক্রিকেট ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট বদলের প্রস্তাবও গৃহীত হয়েছে, যা ক্রিকেটের ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।