আইপিএল রিটেনশন তালিকা জমার সময়সীমা বাড়াল বিসিসিআই, নতুন ডেডলাইন ১৭ নভেম্বর
November 3, 20266:36 am

আসন্ন আইপিএল-এর মিনি নিলামকে সামনে রেখে ধরে রাখা (রিটেইনড) ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা কিছুটা পিছিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। ফ্র্যাঞ্চাইজিগুলির অনুরোধকে মান্যতা দিয়ে আগের ১৫ নভেম্বরের বদলে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত তালিকা জমা দেওয়ার সময় ধার্য করেছে বোর্ড।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দল গঠনের অঙ্ক ও কৌশলগত আলোচনার জন্য বাড়তি সময় চেয়েছিল বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সেই আবেদনের প্রেক্ষিতেই বোর্ডের এই সিদ্ধান্ত। সোমবার বিসিসিআই-এর পক্ষ থেকে সরকারিভাবে ই-মেল মারফত সবক’টি দলকে এই নতুন সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে নিলামের মঞ্চে নামার আগে ক্রিকেটার ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার রণকৌশল চূড়ান্ত করতে ফ্র্যাঞ্চাইজিগুলি অতিরিক্ত দু’দিন সময় হাতে পাচ্ছে।