বিগ বসের ঘরে সৃজলাকে প্রেম নিবেদন জিতুর, তোলপাড় নেটপাড়া!

বিগ বসের ঘরে সৃজলাকে প্রেম নিবেদন জিতুর, তোলপাড় নেটপাড়া!

 

‘বিগ বস বাংলা’র ঘরে সৃজলাকে প্রেমের প্রস্তাব জিতুর

নিজস্ব প্রতিবেদক: ‘বিগ বস বাংলা’র রিয়েলিটি শো-এর অন্দরমহলে জিতু কমল ও সৃজলা গুহর সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় ধরে চলা জল্পনায় কার্যত সিলমোহর পড়ল। শুক্রবারের সম্প্রচারিত পর্বে সৃজলার প্রতি নিজের অনুভূতির কথা সরাসরি ব্যক্ত করলেন অভিনেতা জিতু কমল।

শো-এর সেই বিশেষ মুহূর্তে দেখা যায়, জিতু অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে হাত দিয়ে মাইক ঢেকে সৃজলাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। অভিনেতা স্পষ্টভাবে সৃজলাকে উদ্দেশ্য করে বলেন, “এই আকাশ, এই বাতাস, এই পাখি, এই নদী—সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি।”

জিতুর এই আকস্মিক ও খোলামেলা স্বীকারোক্তিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন সৃজলা। পাল্টা প্রতিক্রিয়ায় অভিনেত্রীকে বলতে শোনা যায়, “এটা করো না জিতু।” তবে জিতু পিছু হঠতে নারাজ। তিনি সৃজলাকে জানান, এই ভালোবাসার কথা তিনি বারবার প্রকাশ করবেন এবং বিগ বসের বাড়ি থেকে বেরিয়েও নিজের অবস্থানে অনড় থাকবেন।

যদিও সৃজলা এই প্রস্তাবের বিপরীতে ঠিক কী প্রতিক্রিয়া জানিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁদের ঘনিষ্ঠতা ও সাম্প্রতিক বডি ল্যাঙ্গুয়েজ ঘিরে দর্শক মহলে নতুন সম্পর্কের গুঞ্জন জোরালো হয়েছে।

অন্যদিকে, জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কাজের ব্যস্ততা ও নতুন বাড়ির সংস্কারের কাজে তিনি এতটাই ডুবে আছেন যে সাম্প্রতিক বিগ বস পর্ব দেখার সুযোগ পাননি। ফলে শো-এর অন্দরের এই সমীকরণ সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

উল্লেখ্য, নবনীতার সঙ্গে চার বছরের বিবাহিত জীবনের ইতি টানার পর থেকে জিতু এতদিন ব্যক্তিগত জীবনে একাই ছিলেন। বিগ বসের ঘরে এই নতুন সমীকরণ এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *