ওভাল অফিসে দীপাবলির আলোয় ট্রাম্প, উপহার পেলেন হনুমান চালিসা!

ওভাল অফিসে দীপাবলি উদ্যাপন: ট্রাম্পকে হনুমান চালিসা উপহার
ওয়াশিংটন ডিসি: হোয়াইট হাউসের ওভাল অফিসে আড়ম্বরপূর্ণ আয়োজনে দীপাবলি উদ্যাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন তিনি। ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার কামনার পাশাপাশি অনুষ্ঠানে ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় তুলসীদাস বিরচিত ‘হনুমান চালিসা’-র একটি কপি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশ সচিব মার্কো রুবিও, আমেরিকার সামাজিক সুরক্ষা প্রশাসনের ডেপুটি কমিশনার অর্জুন মোদী এবং আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। এ ছাড়াও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন মাইক্রন টেকনোলজির প্রধান সঞ্জয় মেহরোত্র, আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ, এফবিআইয়ের ডিরেক্টর কাশ প্যাটেল, জাতীয় স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জয় ভট্টাচার্য, শেফ বিকাশ খান্না এবং উদ্যোগপতি বিশাল গোন্দল প্রমুখ।
অনুষ্ঠানের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়ে বিশাল গোন্দল জানান, ওভাল অফিসে এই আলোর উৎসবে অংশ নিতে পেরে তিনি সম্মানিত। ট্রাম্পের হাতে হনুমান চালিসা তুলে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “সাহস, ভক্তি ও শক্তির প্রতীক এই স্তোত্র লক্ষ লক্ষ মানুষ নিয়মিত পাঠ করেন।” ভারত ও আমেরিকার বন্ধুত্বের জয়গান গেয়ে তিনি অন্ধকার কাটিয়ে আলোর পথযাত্রার বার্তা দেন।
উল্লেখ্য, হোয়াইট হাউসে দীপাবলি পালনের এই রীতি নতুন নয়। ২০০৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রথম এই প্রথার সূচনা করেছিলেন। পরবর্তীকালে ২০০৯ সালে বারাক ওবামা প্রথম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রদীপ জ্বালিয়ে এই উৎসবকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। সেই ধারাবাহিকতা মেনেই এবার ওভাল অফিসে দীপাবলি উদ্যাপিত হলো।