ভোটের মুখে তামিলনাড়ুতে ৪৪০০ কোটির মাস্টারস্ট্রোক মোদির

ভোটের মুখে তামিলনাড়ুতে ৪৪০০ কোটির মাস্টারস্ট্রোক মোদির

মাদুরাই

দক্ষিণের রাজ্যে ভোটের দামামা বাজার আগেই বড়সড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তামিলনাড়ুর ভোল বদলে দিতে ৪,৪০০ কোটি টাকারগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে পর্যটন— মোদির এই ‘উপহার’ ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক চর্চা।

মাদুরাইয়ের সভা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ২০৪৭ সালের মধ্যে ‘উন্নত ভারত’ গড়ার লক্ষ্যে তামিলনাড়ু এক নির্ণায়ক ভূমিকা পালন করবে। রাজ্যের ইতিহাস ও সংস্কৃতিকে হাতিয়ার করে তিনি জানান, আদিচানাল্লুরের মতো ঐতিহাসিক স্থানগুলোকে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা হবে। এর পাশাপাশি পুলিকট হ্রদ ও পোথিগাই মালাই এলাকায় ইকো-ট্যুরিজম প্রকল্পের মাধ্যমে বিপুল কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন তিনি।

কেন্দ্রীয় উন্নয়নের খতিয়ান তুলে ধরে মোদি বলেন, “২০১৪ সালের পর থেকে রাজ্যে ৪ হাজার কিলোমিটারেরও বেশি নতুন সড়ক তৈরি হয়েছে। রেল বাজেটে বরাদ্দ ৮৮০ কোটি থেকে বাড়িয়ে এখন ৭,৬০০ কোটি টাকা করা হয়েছে।” এমনকি চেন্নাইয়ের সঙ্গে বেঙ্গালুরু ও হায়দরাবাদকে জুড়তে বুলেট ট্রেন করিডরের প্রস্তাবও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, এই বিশাল বিনিয়োগ রাজ্যের অর্থনীতিকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেবে।

এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি এবং কেন্দ্রীয় মন্ত্রী এল মরুগান উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই মেগা প্রকল্পগুলি দক্ষিণের এই রাজ্যে বিজেপির মাটি শক্ত করতে বিশেষ সাহায্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *