‘ভোটের বাক্সে জবাব দিন’, মালদহে বিজেপিকে তুলোধোনা করে লাইনে দাঁড়ানোর হুঁশিয়ারি অভিষেকের

মালদহের নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটবন্দি থেকে শুরু করে রান্নার গ্যাস কিংবা এনআরসি প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বিজেপি বারবার সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করেছে। সোমবার মালদহের রোড শো শেষে অভিষেক ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, “এমন ভাবে ভোট দিন যাতে আগামী ১০০ বছর আপনাদের লাইনে দাঁড় করানোর আগে ওরা ৫০ বার ভাবতে বাধ্য হয়।”
বিজেপির জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন তুলে অভিষেক সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) ফিরিয়ে আনার জন্য। তিনি বলেন, পাকিস্তান বা বাংলাদেশ থেকে হুমকির মুখে প্রধানমন্ত্রী কেন চুপ থাকেন? পাশাপাশি, ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা এবং এনআরসি-র নামে নাগরিকদের ভয় দেখানোর কড়া সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, এনআরসি রুখতে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে তৃণমূলের জয় অপরিহার্য।
মালদহের গত লোকসভা নির্বাচনের ফলাফলের কথা স্মরণ করিয়ে দিয়ে অভিষেক ভোট ভাগাভাগি না করার অনুরোধ জানান। তিনি আইএসএফ এবং মিম-এর মতো দলগুলিকে বিজেপির এজেন্ট হিসেবে অভিহিত করে বলেন, বিজেপিকে রুখতে হলে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে মালদহের সবকটি আসনে তৃণমূলের জয় নিশ্চিত করার লক্ষ্যমাত্রা স্থির করে তিনি বলেন, বিজেপিকে রাজ্যে ৫০-এর নিচে নামিয়ে আনার দায়িত্ব এখন সাধারণ মানুষের হাতে।