বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত ম্যাট্রিজের জনমত সমীক্ষায়, তৃণমূল ও বিজেপির মধ্যে কাঁটায় কাঁটায় টক্কর

বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত ম্যাট্রিজের জনমত সমীক্ষায়, তৃণমূল ও বিজেপির মধ্যে কাঁটায় কাঁটায় টক্কর

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। সম্প্রতি প্রকাশিত ‘ম্যাট্রিজ’-এর জনমত সমীক্ষায় শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটে উঠেছে। সমীক্ষা অনুযায়ী, ২৯৪ আসনের বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ১৪৮-এর ‘ম্যাজিক ফিগার’ ছোঁয়ার লড়াইয়ে দুই পক্ষই এখন সমানে সমান। তৃণমূল কংগ্রেস ৪৩ শতাংশ ভোট পেয়ে ১৪০ থেকে ১৬০টি আসন জিততে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ৪১ শতাংশ ভোট নিয়ে বিজেপি ১৩০ থেকে ১৫০টি আসন পাওয়ার দৌড়ে রয়েছে।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গের ১৮৩টি আসনে তৃণমূলের আধিপত্য বজায় থাকার সম্ভাবনা প্রবল। সেখানে শাসক দল ৯৫ থেকে ১০০টি আসন পেতে পারে, আর বিজেপি পেতে পারে ৭৫ থেকে ৮০টি আসন। রাঢ় অঞ্চলের ৫৭টি আসনেও ঘাসফুল শিবির সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। এখানে তৃণমূল ও বিজেপির ভোটের হারের ব্যবধান মাত্র ১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দুই বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া সংলগ্ন এই এলাকায় তৃণমূল ৩৭ থেকে ৪০টি এবং বিজেপি ১৭ থেকে ২০টি আসন পেতে পারে।

তবে উত্তরবঙ্গের ৫৪টি আসনে বিজেপির দাপট অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে। এই অঞ্চলে গেরুয়া শিবির ৩০ থেকে ৩৩টি আসন পেয়ে তৃণমূলের তুলনায় অনেকটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে, যেখানে তৃণমূলের ঝুলিতে যেতে পারে মাত্র ১৭ থেকে ২০টি আসন। বাম-কংগ্রেস ও অন্যান্য দলগুলি সব মিলিয়ে ৮ থেকে ১৬টি আসন এবং ১৬ শতাংশ ভোট পেতে পারে। সব মিলিয়ে মাত্র ২ শতাংশ ভোটের ব্যবধানে তৃণমূল সামান্য এগিয়ে থাকলেও, নির্বাচনের আগে এই সমীকরণ যে কোনও সময় বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *