বাংলা বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার ছুঁতে পারবে কি তৃণমূল নাকি টেক্কা দেবে বিজেপি?

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ তুঙ্গে। এর মধ্যেই জনমত সমীক্ষা প্রকাশ করল ‘ম্যাট্রিজ’, যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস দেওয়া হয়েছে। সমীক্ষা অনুযায়ী, শাসক দল তৃণমূল কিছুটা এগিয়ে থাকলেও তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে প্রধান বিরোধী দল বিজেপি। ম্যাজিক ফিগার ১৪৮ হলেও তৃণমূল পেতে পারে ১৪০ থেকে ১৬০টি আসন। অন্যদিকে, বিজেপির ঝুলিতে ১৩০ থেকে ১৫০টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোটের হারের নিরিখে তৃণমূল ৪৩ শতাংশ এবং বিজেপি ৪১ শতাংশ সমর্থন পেতে পারে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে। তবে এই নির্বাচনে বিশেষ নজর কাড়ছে বাম-কংগ্রেস ও অন্যান্য দলগুলি। তারা সব মিলিয়ে ১৬ শতাংশ ভোট এবং ৮ থেকে ১৬টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসন সংখ্যার এই সমীকরণ শেষ পর্যন্ত সরকার গড়ার ক্ষেত্রে ‘অন্যান্য’ দলগুলিকে কিং-মেকার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।
আঞ্চলিক বিন্যাসে দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গ ও রাঢ়বঙ্গে তৃণমূল কংগ্রেসের দাপট বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের ১৮৩টি আসনের মধ্যে তৃণমূল ৯৫ থেকে ১০০টি এবং বিজেপি ৭৫ থেকে ৮০টি আসন পেতে পারে। রাঢ় বঙ্গের ৫৭টি আসনেও তৃণমূল এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের চিত্রটি ভিন্ন। সেখানে ৫৪টি আসনের মধ্যে বিজেপি ৩০ থেকে ৩৩টি আসন জিতে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে, যেখানে তৃণমূলের ১৭ থেকে ২০টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সামগ্রিকভাবে, দক্ষিণ ও রাঢ়বঙ্গে তৃণমূলের লিড থাকলেও উত্তরবঙ্গে বিজেপির পাল্লা ভারী। তবে অনেক আসনেই ‘ভোট কাটাকাটি’ জয়-পরাজয়ের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে। বিশেষ করে বাম-কংগ্রেস জোট ও অন্যান্যরা উল্লেখযোগ্য ভোট কাটলে বড় দলগুলোর সমীকরণ বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখন দেখার, এই জনমত সমীক্ষার পূর্বাভাস বাস্তবে কতটা প্রতিফলিত হয়।