কালিয়াচকে বিচারক হেনস্থায় ধৃত মিম নেতার পাশে অধীর চৌধুরী, আঙ্গুল তুললেন মুখ্যমন্ত্রীর দিকে

মালদহের কালিয়াচকে সাত বিচারককে হেনস্থার ঘটনায় নয়া মোড় নিল রাজনীতি। এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন মিম নেতা তথা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। এবার ধৃত সেই মিম নেতার পাশেই দাঁড়ালেন বহরমপুরের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর দাবি, যে ব্যক্তি আন্দোলন সামাল দিচ্ছিলেন এবং সাধারণ মানুষকে শান্ত করার চেষ্টা করছিলেন, মুখ্যমন্ত্রী তাঁকেই সিআইডি দিয়ে গ্রেফতার করিয়েছেন। আসল অপরাধীদের আড়াল করে নির্দোষকে ধরা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধীর চৌধুরীর এই অবস্থানের নেপথ্যে রয়েছে গভীর ভোটব্যাঙ্ক সমীকরণ। বহরমপুর কেন্দ্রে সংখ্যালঘু ভোটের বিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভা ভিত্তিক ফলাফলে নিজের গড় ধরে রাখতে এবং সংখ্যালঘু ভোট যাতে কোনোভাবেই তৃণমূলের ঝুলিতে না যায়, তা নিশ্চিত করতেই অধীর এই কৌশল নিয়েছেন বলে মনে করা হচ্ছে। সরাসরি শাসকদলকে আক্রমণ করে তিনি সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন।
অন্যদিকে, এই ঘটনায় সরাসরি তৃণমূল নেত্রী সাবিনা ইয়াসমিনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সুজাপুরের মিম প্রার্থী রেজাউল করিম। তাঁর দাবি, ভোটব্যাঙ্কের স্বার্থে সাবিনা ইয়াসমিন নিজেই এই চক্রান্তের মাস্টারমাইন্ড। কালিয়াচকের অপ্রীতিকর পরিস্থিতির জন্য শাসকদলকে দায়ী করে তিনি অবিলম্বে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। সব মিলিয়ে বিচারক হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে মালদহ ও মুর্শিদাবাদের রাজনীতি এখন সরগরম।