ফলতায় শেষ লগ্নে শুভেন্দুর মেগা রোড-শো, শহিদ কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন মুখ্যমন্ত্রী

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের আগে প্রচারের শেষ লগ্নে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাতে আর মাত্র দু’দিন, তার আগেই মঙ্গলবার সাতসকালে দলীয় প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে ফলতায় পৌঁছে যান তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুইশোর বেশি আসন নিয়ে রাজ্যে বিজেপি সরকার গড়ে ফেলার পর এই একটি আসনের জয়-পরাজয় বড় কোনও রাজনৈতিক বদল আনবে না। তবে ডায়মন্ড হারবার লোকসভা এলাকার অন্তর্গত এই কেন্দ্রটিতে পদ্ম ফোটাত গেরুয়া শিবির যে কতটা মরিয়া, তা মুখ্যমন্ত্রীর এই সফর থেকেই স্পষ্ট।
শিবমন্দিরে পুজো ও জনজোয়ার
মঙ্গলবার সকালে ফলতার বনেশ্বরে একটি প্রাচীন শিবমন্দিরে পুজো, অঞ্জলি ও আরতি শেষ করে সোজা রোড-শো-র কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। বনেশ্বর থেকে ফলতা বাসস্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত এই রোড-শো-তে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’ধারে কার্যত মানুষের ঢল নামে। হুডখোলা গাড়িতে থাকা মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে অনবরত পুষ্পবৃষ্টি করা হয়। রাস্তার মোড়ে মোড়ে উপচে পড়া ভিড়ের কারণে মাঝেমধ্যেই মুখ্যমন্ত্রীর গাড়ির গতি শ্লথ হয়ে পড়ে।
শহিদ কর্মীর বাড়িতে আবেগঘন মুহূর্ত
প্রচারের এই ব্যস্ত সূচির মাঝেই মুখ্যমন্ত্রী এক মানবিক ও আবেগঘন কর্মসূচিতে অংশ নেন। রোড-শো শেষে তিনি সোজা চলে যান একুশের ভোট-পরবর্তী হিংসার শিকার হওয়া প্রয়াত বিজেপি কর্মী স্বপন মণ্ডলের চণ্ডীপুরের বাড়িতে। ২০২১ সালের নির্বাচনের পর রাজনৈতিক অশান্তির জেরে স্বপনবাবুকে নৃশংসভাবে খুন করা হয়েছিল বলে অভিযোগ। এ দিন সেই শহিদ কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের বাড়িতেই মধ্যাহ্নভোজ সারেন মুখ্যমন্ত্রী, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রশাসনিক কড়াকড়ি ও ভোট-যুদ্ধ
ফলতার এই নির্বাচনকে কেন্দ্র করে এবার প্রশাসনিক স্তরেও ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক অজয় পাল শর্মা এবং ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের মধ্যকার ঠান্ডা লড়াই এই কেন্দ্রের গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর আগে গত শনিবার ফলতার সভা থেকে তৃণমূল প্রার্থীকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
ছাব্বিশের সাধারণ নির্বাচন মিটে যাওয়ার পর ফলতা বিধানসভার বেশ কয়েকটি বুথে বুথ জ্যাম ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল বিরোধীরা। পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন কমিশন ওই বুথগুলিতে পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত নেয়। আগামী ২১ মে, বৃহস্পতিবার ফলতায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ২৪ মে জানা যাবে এই কেন্দ্রের চূড়ান্ত ফলাফল।