ভয় দেখানোর রাজনীতি পরাজিত হয়েছে! ফলতায় ঐতিহাসিক জয়ের পর বাংলায় গণতন্ত্রের জয়গান মোদীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফলতা বিধানসভা উপনির্বাচনে বিজেপির রেকর্ড ব্যবধানে বিপুল জয়ের পর এবার পশ্চিমবঙ্গের ‘ভয়ের রাজনীতি’-কে তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক জয়কে বাংলায় গণতন্ত্রের আসল জয় বলে আখ্যা দিয়েছেন তিনি। রবিবার ফলতার ফলাফল স্পষ্ট হতেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (টুইটার)-এ একটি বিশেষ বার্তা পোস্ট করে বাংলার সাধারণ মানুষকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই টুইটকে কেন্দ্র করে জাতীয় ও রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। মোদী তাঁর এক্সে লিখেছেন, “ফলতার মানুষ তাঁদের স্পষ্ট রায় জানিয়ে দিয়েছেন। বাংলায় গণতন্ত্র জিতেছে এবং ভয় দেখানোর রাজনীতি পরাজিত হয়েছে। এই অভূতপূর্ব ফলাফল পশ্চিমবঙ্গের মানুষের ভারতীয় জনতা পার্টির (BJP) প্রতি অটুট ও গভীর আস্থারই এক অকাট্য প্রতিফলন।”
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন সরকারের উন্নয়নমূলক কাজের যে জোয়ার এসেছে, ফলতার মানুষ ব্যালট বাক্সে তারই প্রতিদান দিয়েছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি আরও যোগ করেন, “মানুষ রাজ্যে বর্তমান সরকারের অসাধারণ কাজ খুব কাছ থেকে প্রত্যক্ষ করছেন এবং সেই কারণেই তাঁরা আমাদের আরও বেশি করে আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলার এই উন্নয়ন যজ্ঞ লাগাতার জারি থাকবে।” রাজনৈতিক মহলের মতে, ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ফলতায় ১ লক্ষ ৯ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তৃণমূলের এই চূর্ণবিচূর্ণ পরাজয়কে দিল্লির দরবারে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বিজেপির শীর্ষ নেতৃত্ব, আর প্রধানমন্ত্রীর এই টুইট তারই প্রমাণ।