লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পাবেন না অনেকেই, স্পষ্ট করল সরকার

লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পাবেন না অনেকেই, স্পষ্ট করল সরকার

রাজ্যে শুরু হতে চলেছে নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। তবে এই নতুন প্রকল্প ঘিরে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অনেকেই জানতে চাইছেন, যাঁরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, তাঁরা সকলেই কি অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক ৩ হাজার টাকা পাবেন? আবার লক্ষ্মীর ভাণ্ডার না পেলেও এই নতুন প্রকল্পে আবেদন করা যাবে কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে। এই সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট যে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মিলবে না।

বাদ পড়ছেন যাঁরা

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তালিকায় নাম থাকলেও বেশ কিছু ক্যাটাগরির উপভোক্তা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত হবেন। মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, বাদ পড়া ভোটার এবং এসআইআর (SIR)-২০২৬ চলাকালীন চিহ্নিত অনুপস্থিত ভোটারদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে থাকলেও তা সোজাসুজি অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরিত হবে না। এ ছাড়া খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া ভোটার, শুনানির পর বাদ পড়া ভোটার এবং ভোটার স্লিপ বিতরণের সময় মৃত, স্থানান্তরিত বা বাদ পড়া হিসেবে চিহ্নিত ব্যক্তিদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে না।

নতুন আবেদন ও ভবিষ্যৎ প্রক্রিয়া

নতুন এই প্রকল্পের সুবিধা পেতে গেলে নতুন আবেদনকারীদের নতুন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নির্দিষ্ট ফর্ম প্রকাশ করা হচ্ছে এবং আবেদন প্রক্রিয়া দ্রুত শুরু হবে। যত তাড়াতাড়ি এনরোলমেন্ট বা নাম নথিভুক্তকরণ করা যাবে, উপভোক্তারা তত দ্রুত এই সুবিধা পাবেন। তবে রাজ্য সরকার আশ্বস্ত করেছে যে, যতক্ষণ না পর্যন্ত যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পূর্বতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা চালু থাকবে। মূলত স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত প্রাপকদের কাছে সুবিধা পৌঁছে দিতেই সরকার এই যাচাইকরণ প্রক্রিয়া কঠোর করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *