ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর! কী প্রতিক্রিয়া দিলেন সাংসদ দেব?

ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, খুশি সাংসদ দেব
দীর্ঘদিনের টালবাহানা ও অনিশ্চয়তা কাটিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে হাঁটতে চলেছে বর্তমান রাজ্য সরকার। মঙ্গলবার কোলাঘাটে এক প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, ঘাটালের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে তাঁর সরকার এই প্রকল্প কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব (দীপক অধিকারী), যিনি মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন।
উন্নয়নে রাজনীতির ঊর্ধ্বে বার্তা
কোলাঘাটের এই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিরোধী দলের জনপ্রতিনিধিদেরও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। শুভেন্দু অধিকারী জানান, ভোটের রাজনীতি ভোটের সময়েই সীমাবদ্ধ থাকা উচিত এবং বছরের বাকি সময় বিকাশের লক্ষ্যে সকলের একজোট হওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রীর কথায়, “ঘাটালের সাংসদ ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার কথা বলেছেন। আমি তাঁকে আশ্বস্ত করেছি, আমাদের সরকারের অগ্রাধিকারের তালিকায় এটি রয়েছে এবং আমরা তা বাস্তবায়িত করব।”
বাজেট বরাদ্দের প্রত্যাশা
সাংসদ দেব দীর্ঘ দিন ধরেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে সোচ্চার। ২০১৪ সাল থেকে তাঁর রাজনৈতিক লড়াইয়ের অন্যতম প্রধান এজেন্ডা ছিল এই প্রকল্প। বৈঠকের পর দেব জানান, “ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এর কাজ শুরু করেছিল, এবার নতুন সরকার সেই আসামাপ্ত কাজ পূর্ণ করবে বলে আশা করছি।” সাংসদ আরও জানান, আগামী ২২ জুন রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হবে বলে সরকারের তরফ থেকে ইতিবাচক ইঙ্গিত মিলেছে।
উল্লেখ্য, ঘাটালের বন্যা নিয়ন্ত্রণে ষাটের দশকে তৈরি এই মাস্টার প্ল্যান দীর্ঘ টালবাহানার পর অতীতে রূপায়ণের পথে হাঁটলেও নানা জটিলতায় কাজ থমকে গিয়েছিল। পাম্প হাউস নির্মাণ থেকে নদী-খাল ড্রেজিংয়ের কাজ শুরু হয়েও জমি জট ও অর্থ দপ্তরের অনুমোদন না মেলায় প্রকল্পের গতি শ্লথ হয়ে পড়েছিল। রাজ্যের নতুন সরকারের এই আশ্বাসে এখন ফের স্বপ্ন দেখছেন ঘাটালবাসী। এখন সকলের নজর আগামী ২২ জুনের রাজ্য বাজেটের দিকে, যেখানে প্রকল্পটির ভবিষ্যৎ নিশ্চিত হওয়ার অপেক্ষায় ঘাটালবাসী।