কলকাতায় আদালতের নির্দেশে ঘর খালি করতে গিয়ে ধুন্ধুমার! আক্রান্ত পুলিশ, হাসপাতালে এসআই

কলকাতায় আদালতের নির্দেশে ঘর খালি করতে গিয়ে ধুন্ধুমার! আক্রান্ত পুলিশ, হাসপাতালে এসআই

কলকাতা: আদালতের নির্দেশে একটি বাড়ির আইনি দখল নিতে গিয়ে রণক্ষেত্রের রূপ নিল তালতলা এলাকা। কর্তব্যরত পুলিশের উপর চড়াও হলো একদল বাসিন্দা। এই আকস্মিক হামলায় তালতলা থানার সেকেন্ড অফিসার তথা সাব-ইন্সপেক্টর (SI) রাজীব রায় গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা-সহ চারজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে বুধবার তালতলার দুর্গাচরণ ডাক্তার রোডের একটি বাড়ির আইনি দখল নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে এবং পুরো আইনি প্রক্রিয়াটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য শুরু থেকেই সেখানে মোতায়েন ছিল তালতলা থানার বিশাল পুলিশ বাহিনী। আদালতের ‘সিল বেলিফ’ কর্মীরা যখন ঘরটি খালি করার কাজ করছিলেন, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দোতলার ভাড়াটেরা এই উচ্ছেদ প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ, সেখানে বসবাসকারী সরস্বতী শাহ, তাঁর মেয়ে সিমরান শাহ, ছেলে হৃতিক শাহ এবং হৃতিকের বন্ধু নসিব আহমেদ কর্তব্যরত এসআই রাজীব রায়ের ওপর অতর্কিতে হামলা চালায়।

হামলার জেরে গুরুতর আহত হন ওই পুলিশ অফিসার। ঘটনার পরেই উপস্থিত অন্যান্য পুলিশ কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকেই ওই চার হামলাকারীকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যান। এদিকে আহত সাব-ইন্সপেক্টর রাজীব রায়কে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য এনআরএস (NRS) হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *