KKR-এ নেই বাংলার ছেলে! কেকেআরের বাঙালি শূন্যতা নিয়ে বিস্ফোরক ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল

কলকাতা: দলের নাম কলকাতা নাইট রাইডার্স, অথচ সেখানে ব্রাত্য খোদ বাংলার ক্রিকেটাররাই! আইপিএলের মেগা মঞ্চে কেকেআর (KKR) শিবিরের এই বাঙালি শূন্যতা নিয়ে এবার মারাত্মক ক্ষোভ উগরে দিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। কেকেআরে বাংলার ছেলেদের ফিরিয়ে আনা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য বা ‘প্রায়োরিটি’ বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
তবে এই পরিস্থিতির জন্য নাইট কর্তৃপক্ষকে নয়, বরং পূর্বতন তৃণমূল সরকারের ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলেছেন ক্রীড়ামন্ত্রী। ক্ষোভ প্রকাশ করে ইন্দ্রনীল খাঁ বলেন, “আমার মনেও এই নিয়ে ভীষণ বড় ক্ষত আর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে আগের সরকার ক্রিকেটার, ফুটবলার বা অ্যাথলিটদের পাশে দাঁড়ায়নি। ফলে আমাদের ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যে এক্সপোজার পাওয়ার কথা, তা পায়নি।”
তাঁর তীব্র আক্রমণ, “একজন খেলোয়াড় বড় হওয়ার সময় সরকারের যে ধরনের নিউট্রিশনাল ও প্রফেশনাল সাপোর্ট প্রয়োজন হয়, তা দেওয়া হয়নি। খেলো ইন্ডিয়া থেকেও বঞ্চিত করা হয়েছে। রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী ক্রীড়া জগতের চেয়ে বিনোদন জগতে বেশি সময় কাটিয়েছেন। আর সেই কারণেই আজ কেকেআরে বাংলার কোনো ক্রিকেটার নেই।” উল্লেখ্য, অতীতে সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা, লক্ষ্মীরতন শুক্লা বা মনোজ তিওয়ারিরা কেকেআরের জার্সিতে খেললেও বর্তমান দলে কোনো বাঙালি মুখ নেই।
এই খরা কাটাতে এবার কোমর বেঁধে নামছে নতুন ক্রীড়া দপ্তর। মন্ত্রী জানান, প্রতিটি জেলায় পর্যাপ্ত ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে তিনি নিজে সরাসরি জেলাগুলোতে যাবেন। পাশাপাশি কড়া বার্তা দিয়ে বলেন, “খেলার ময়দানে কোনো রাজনীতি বা সিন্ডিকেট রাজ চলবে না। ময়দান হবে সম্পূর্ণ রাজনীতিমুক্ত।”
এর পাশাপাশি ২০১১ সালের যুবভারতীতে আর্জেন্টিনার সেই হাইপ্রোফাইল ম্যাচ নিয়ে ‘মেসি কাণ্ডের’ ফাইল খোলার কথাও জানান মন্ত্রী। ১০০০ টাকার টিকিট ১৫০০০ টাকায় বিক্রি করা থেকে শুরু করে চড়া দামে জলের বোতল বিক্রির দুর্নীতির তদন্ত শুরু হয়েছে জানিয়ে তিনি স্পষ্ট করে দেন, “আইনের ঊর্ধ্বে কেউ নন, দোষী প্রাক্তন নেতা-মন্ত্রী হলেও পার পাবেন না।”