৬৫ নম্বর বিধায়ক কি মদন মিত্র! ফেসবুক পোস্টে ‘আনইনস্টল-আপডেট’ বার্তায় তুমুল শোরগোল

কলকাতা: বাংলার রাজনীতিতে কি এক অভাবনীয় তোলপাড় হতে চলেছে? বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক দাবির পর, এবার কামারহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে।
বুধবারই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ইতিমধ্যেই ৬৪ জন বিধায়কের সমর্থন রয়েছে। একই সঙ্গে তিনি আভাস দিয়েছিলেন, বৃহস্পতিবার তাঁদের শিবিরে যোগ দিতে পারেন আরও এক তৃণমূল বিধায়ক, যা হবে ৬৫ নম্বর উইকেট। এই টানাপোড়েনের মাঝেই বুধবার রাতে মদন মিত্রের সোশ্যাল মিডিয়া পোস্ট যেন আগুনে ঘি ঢেলেছে।
সম্প্রতি তৃণমূলের সমস্ত সাংগঠনিক বৈঠকে হাজির থেকে দলত্যাগী বিধায়কদের কড়া সমালোচনা করতে দেখা গিয়েছিল মদন মিত্রকে। কিন্তু বুধবার রাতে তাঁর করা পোস্টে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন সুর। মদন মিত্র ইঙ্গিতপূর্ণভাবে লেখেন, “আজকের শিক্ষা – আনইনস্টল ইওর পাস্ট। আপডেট ইওর ফিউচার” (অতীতকে আনইনস্টল করো, ভবিষ্যৎকে আপডেট করো)।
এই রহস্যময় বার্তার পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার নিজের দীর্ঘ রাজনৈতিক অতীতকে পেছনে ফেলে নতুন কোনো ভবিষ্যৎ গড়তে চলেছেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে ৬৫ নম্বর বিধায়কের কথা বলেছিলেন, তিনি কি তবে মদন মিত্রই? এই ফেসবুক পোস্টের পর ঘাসফুল শিবিরের অন্দরেও তৈরি হয়েছে প্রবল উৎকণ্ঠা।