করমণ্ডলের স্মৃতি ফিরিয়ে ভুবনেশ্বরে মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা!

ভুবনেশ্বরে বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শত শত প্রাণ। বৃহস্পতিবার সকালে ঝাড়পাড়া ওভারব্রিজের কাছে একই লাইনে চলে আসে দুটি ট্রেন। মুখোমুখি এসে দাঁড়িয়ে যায় ট্রেন দুটি। যার জেরে তৈরি হয় তীব্র আতঙ্ক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চপদস্থ আধিকারিক ও প্রযুক্তিবিদরা।
ভয়ঙ্কর বালাসোর ট্রেনের স্মৃতি
২০২৩ সালের ২ জুন বালাসোরের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার স্মৃতি আজও তাজা দেশবাসীর মনে। শালিমার-চেন্নাই করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস ও হাওড়া-যশবন্তপুর হামসফর এক্সপ্রেসের সেই ভয়াবহ দুর্ঘটনার কথা মনে করিয়ে দেয় আজকের ঘটনা। এদিন ভুবনেশ্বর স্টেশনের কাছে কোনার্ক এক্সপ্রেসের সঙ্গে আরও একটি ট্রেনের মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। তবে শেষ মুহূর্তে ব্রেক কষায় বড় কোনো বিপর্যয় ঘটেনি। তবে ধাক্কা লেগেছিল কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
কারণ ও সম্ভাব্য প্রভাব
কীভাবে সিগন্যালের ভুলে বা অন্য কোনো ত্রুটিতে দুটি ট্রেন একই ট্র্যাকে চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাথমিক তদন্তে সিগন্যালিংয়ের ত্রুটি নাকি চালকের ভুল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর ওই লাইনে রেল পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। একইসঙ্গে রেলের যাত্রী নিরাপত্তা ও সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হলো। দ্রুত পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানিয়েছেন আতঙ্কিত যাত্রীরা।