সুখেন্দু-সুস্মিতার পর এবার প্রকাশচিক! সাংসদ পদ ছেড়ে শুভেন্দুকে ‘দাদা’ সম্বোধন, দলবদলের জল্পনা তুঙ্গে

সুখেন্দু-সুস্মিতার পর এবার প্রকাশচিক! সাংসদ পদ ছেড়ে শুভেন্দুকে ‘দাদা’ সম্বোধন, দলবদলের জল্পনা তুঙ্গে

কলকাতা: তৃণমূলের রাজ্যসভা শিবিরে যেন আক্ষরিক অর্থেই ধস নেমেছে। সুখেন্দুশেখর রায় এবং সুস্মিতা দেবের পর এবার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন উত্তরবঙ্গের দাপুটে নেতা প্রকাশচিক বরাইক। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার পরই এক বিস্ফোরক মন্তব্য করে দলবদলের জোরালো ইঙ্গিত দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন, সেইভাবেই কাজ করব।”

তৃণমূলের তরুণ প্রজন্মের নেতাদের মধ্যে প্রকাশচিক বরাইককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দেখা হতো। রাজনৈতিক মহলে তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। কিন্তু হঠাতই তাঁর এই ইস্তফা শাসক শিবিরের অন্দরে বড়সড় ঝাঁকুনি দিয়েছে। কেন এই সিদ্ধান্ত? সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রকাশচিক বলেন, “বাংলার বিধানসভা নির্বাচনে জনতা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। যা ফলাফল হয়েছে সেটাই মেনে নিতে হবে। ভোটের ফল দেখেই এই পদত্যাগের সিদ্ধান্ত।”

এর পরেই জল্পনার আগুনে ঘি ঢেলে তিনি যোগ করেন, “শুভেন্দু অধিকারী আমাদের দাদা। মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন, সেইভাবেই কাজ করব।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

তবে কি তাঁর পরবর্তী রাজনৈতিক গন্তব্য বিজেপি? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে বরাইক বলেন, “আমার বয়স কম। রাজনীতিতে আগামী দিনে কী হবে, সেটা এখনই বলতে পারব না। সময় বলবে।” একই সাথে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পদত্যাগের বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাঁর কোনো আলোচনা হয়নি। তাঁর এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত।

উত্তরবঙ্গে দলের সংগঠনকে মজবুত করতে প্রকাশচিক বরাইককে বড় দায়িত্ব দিয়েছিল তৃণমূল। কিন্তু নির্বাচনের ফলপ্রকাশের পর তাঁর এই আকস্মিক ইস্তফা এবং বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্বের প্রতি নরম সুর বাংলার রাজনীতিতে নতুন কোনো সমীকরণের জন্ম দেয় কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *