কাঁচরাপাড়ার স্কুলে কোটি কোটি টাকার স্তূপ, সিক রুমে কন্ডোম! অর্জুনের গড়ে কার ‘কালো টাকা’?

কাঁচরাপাড়ার স্কুলে কোটি কোটি টাকার স্তূপ, সিক রুমে কন্ডোম! অর্জুনের গড়ে কার ‘কালো টাকা’?

কাঁচরাপাড়া: উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার এক বেসরকারি স্কুলের তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হলো নগদ ১ কোটি ৭৭ লক্ষ টাকা! বুধবার গভীর রাতে ওই স্কুলে আচমকা তল্লাশি অভিযানে নামেন পুলিশ আধিকারিকরা। রাতভর চলে টাকা গোনার কাজ। বিপুল এই নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি স্কুল থেকে উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার। তবে এই অর্থ কেলেঙ্কারির মাঝেই স্কুলের ‘সিক রুম’ (অসুস্থ পড়ুয়াদের ঘর) থেকে বেশ কয়েকটি কন্ডোম উদ্ধার হওয়ায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, স্কুল ছুটির পর রাতের অন্ধকারে সেখানে কি কোনো অনৈতিক কাজ চলত?

ভর্তি নিয়ে বড়সড় দুর্নীতির জেরেই এই বিপুল টাকা মজুত করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে স্কুলের দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। প্রতারণা ও অর্থ তছরুপ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে চারজনের বিরুদ্ধে।

যদিও এই বিপুল অঙ্কের টাকার দায় ঝেড়ে ফেলেছেন স্কুলের প্রিন্সিপাল বিকাশ চন্দ্র পাল। তাঁর দাবি, “এপ্রিল মাস থেকে অ্যাডমিশন বাবদ জমা হওয়া টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার দায়িত্ব ছিল অ্যাকাউন্টস বিভাগের। টাকা কেন ব্যাঙ্কে না রেখে স্কুলে জমানো হলো, তা ওই বিভাগই বলতে পারবে।” তবে সিক রুমের আলমারি থেকে কন্ডোম উদ্ধারের বিষয়টি তিনি স্বীকার করে নিলেও, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই বলে দাবি করেছেন।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বিস্ফোরক দাবি করে জানিয়েছেন, এই টাকা স্কুলের ভর্তির টাকা নয়। তাঁর অভিযোগ, কাঁচরাপাড়া পুরসভার বিদায়ী চেয়ারম্যান কমল অধিকারী, বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের ‘কালো টাকা’ লোকানো ছিল ওই স্কুলে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বিপুল এই টাকার আসল উৎস কী, তা খতিয়ে দেখছে বীজপুর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *