সুরেন্দ্রনাথের পর এবার জলপাইগুড়ি! টিএমসিপি-র ইউনিয়ন রুমে মদের বোতল ও মহিলাদের পোশাক

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ (AC College)। ঐতিহ্যবাহী এই কলেজের ছাত্র সংসদের (ইউনিয়ন) ঘর থেকে উদ্ধার হলো থরে থরে সাজানো মদের বোতল, সিরিঞ্জ এবং মহিলাদের পোশাক! আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কলেজ চত্বর। কাঠগড়ায় রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।
অভিযোগ, ইউনিয়ন রুমের আড়ালে দীর্ঘদিন ধরেই কলেজে চলছিল চরম অসামাজিক কার্যকলাপ। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুমটি আজ বেশ কয়েকজন সাধারণ পড়ুয়া খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সবার। ঘরের ভেতর থেকে উদ্ধার হয় একের পর এক বিলাতি মদের খালি ও ভর্তি বোতল, কাশির সিরাপ, সিরিঞ্জ এবং নারীদের অন্তর্বাস ও আপত্তিকর সামগ্রী।
এই খবর ছড়িয়ে পড়তেই কলেজের ভেতর তীব্র বিক্ষোভে ফেটে পড়ে এবিভিপি (ABVP) সমর্থকরা। তাঁদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট করে দীর্ঘদিন ধরে এখানে নোংরামি চালানো হচ্ছিল। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়ে কলেজ কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছে তাঁরা। উত্তেজনা ছড়াতেই তড়িঘড়ি ওই ইউনিয়ন রুমটি সিল করে দেয় কলেজ কর্তৃপক্ষ।
সম্প্রতি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে থরে থরে টাকা, ছাদ থেকে ঝাঁ চকচকে ‘বেডরুম’ ও আপত্তিকর জিনিস উদ্ধার হয়েছিল। এবার হুবহু একই ছায়া দেখা গেল জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজেও। এই ঘটনায় কলেজের নিরাপত্তা এবং ছাত্র সংসদের ভূমিকা নিয়ে রাজ্য রাজনীতিতে বড়সড় প্রশ্ন উঠে গেছে।