বিরাট সুখবর! গত ৬ মাসের মধ্যে সবচেয়ে সস্তা সোনা, বাজার খুলতেই হু হু করে নামল রুপোর দামও

কলকাতা: সোনাপ্রেমী ও বিনিয়োগকারীদের জন্য দারুণ সুখবর! আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও রেকর্ড পতন ঘটল সোনার দামে। আজ, বৃহস্পতিবার গত ৬ মাসের মধ্যে সবচেয়ে সস্তায় বিকোচ্ছে সোনা। শুধু সোনা নয়, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) বাজার খোলার সাথে সাথেই এক ধাক্কায় প্রায় ৫,০০০ টাকা কমেছে রুপোর দামও।
বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, বিশ্ব বাজারে এই টানা পতনের জেরে সোনা ও রুপো কেনার বা এতে বিনিয়োগ করার এটাই সুবর্ণ সুযোগ।
রেকর্ড নিচে আন্তর্জাতিক বাজার
আন্তর্জাতিক বাজারে গত ২১ নভেম্বরের পর সোনা এখন সর্বনিম্ন স্তরে এসে ঠেকেছে। স্পট গোল্ডের দাম কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪,০২২.০৯ ডলারে। পাশাপাশি, মার্কিন গোল্ড ফিউচারের দামও ০.৪% কমে ৪,১১৬.২০ ডলারে নেমে এসেছে। প্রখ্যাত স্টোনএক্স-এর সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন জানিয়েছেন, সোনার দাম খুব দ্রুত প্রতি আউন্স ৪,০০০ ডলারের দিকে এগোচ্ছে।
MCX-এ সোনা ও রুপোর আজকের দর
বৃহস্পতিবার ভারতীয় বাজারে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) খুলতেই দেখা যায় বড় পতন:
- সোনা: আগামী ৫ অগাস্টের মেয়াদোত্তীর্ণ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে ১.৪৬ লক্ষ টাকায়।
- রুপো: আগামী ৩ জুলাইয়ের মেয়াদোত্তীর্ণ ১ কেজি রুপোর দাম এক ধাক্কায় ৫,০০০ টাকা কমে হয়েছে প্রায় ২.৩০ লক্ষ টাকা। নিজের অল-টাইম হাই বা সর্বোচ্চ দামের রেকর্ড থেকে রুপো এখন ২.২৬ লক্ষ টাকা কমে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে সব মিলিয়ে রুপোর দাম প্রায় ১৮,০০০ টাকা কমেছে।
হঠাৎ কেন এই দরপতন?
বাজার বিশেষজ্ঞদের মতে, সোনার দাম কমার মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। মে মাসে আমেরিকায় খুচরো মুদ্রাস্ফীতি তিন বছরের মধ্যে সর্বোচ্চ (৪.২ শতাংশ) স্তরে পৌঁছেছে। এর ওপর ইরানের হরমুজ প্রণালী সংক্রান্ত ঘোষণার পর বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামও আকাশছোঁয়া।
সাধারণত মুদ্রাস্ফীতি বাড়লে সোনার দাম বাড়ে, কিন্তু মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বরের মধ্যে সুদের হার বাড়াতে পারে (যার সম্ভাবনা ৭০%-এর বেশি)—এই আশঙ্কায় সোনা ও রুপোর মতো মূল্যবান ধাতুর ওপর চরম চাপ তৈরি হয়েছে। আর সেই কারণেই আন্তর্জাতিক বাজারে এই পতন।
এখনই কি সোনা কেনার সেরা সময়?
বিভিন্ন অর্থনৈতিক রিপোর্টের দাবি, বিশ্ব রাজনীতির অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির জেরে সোনার দামে যে বড়সড় ধস নেমেছে, তা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটা দারুণ সুযোগ। বিশেষজ্ঞরা মনে করছেন, দাম আরও কমার অপেক্ষায় না থেকে এই সস্তার বাজারে সোনা কিনে রাখা অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে।