মাঝরাতের বিশ্বকাপ আর বাঙালির ঘুম, চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ!

মাঝরাতের বিশ্বকাপ আর বাঙালির ঘুম, চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ!

চলতি বছরের ১২ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তবে ভৌগোলিক দূরত্বের কারণে আয়োজক দেশের সময়ের সঙ্গে ভারতের সময়ের ব্যবধান অনেকটা। যার ফলে সিংহভাগ ম্যাচই শুরু হচ্ছে গভীর রাতে, এমনকি ভোরবেলায়। বাঙালির ফুটবল উন্মাদনার আবহে এই সূচি স্বাভাবিক ছন্দে বড়সড় ধাক্কা দিতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এক মাসেরও বেশি সময় ধরে চলা এই ফুটবল উৎসবে সার্কাডিয়ান রিদম বা শরীরের জৈবিক ঘড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিপাকে শরীরের জৈবিক ঘড়ি

প্রতিদিনের নির্দিষ্ট সময়ে ঘুম এবং জেগে ওঠার অভ্যাসে অভ্যস্ত শরীর। মাঝরাতে খেলা দেখার নেশায় এই নিয়মে ব্যাঘাত ঘটলে চরম ক্লান্তি, খিটখিটে মেজাজ এবং হজমের গোলমাল দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে, শরীরের এই ইঞ্জিনকে সচল রাখতে প্রয়োজনীয় বিশ্রামের কোনো বিকল্প নেই। তাই ফুটবলপ্রেমীদের সুস্থ থাকতে কিছু বিশেষ সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সুস্থ থাকতে আগাম দাওয়াই

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রাতে খেলা দেখার অভ্যাস করতে হলে দিনের অন্য সময়ে ঘুমের ঘাটতি পূরণ করে নেওয়া জরুরি। বিশেষ করে বিকেলে বা সন্ধ্যায় কিছুটা সময় ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করা যেতে পারে। দীর্ঘ সময় রাত জাগলে পর্যাপ্ত জল পান করা এবং রাতের খাবারে তেল-মশলা এড়িয়ে হালকা খাবার গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে, যারা নিয়মিত ঘুমের ওষুধ সেবন করেন, তাদের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। অন্ধকার ঘরে টিভি দেখা চোখের জন্য ক্ষতিকর হতে পারে, তাই ঘর সম্পূর্ণ অন্ধকার না রেখে মৃদু আলোর ব্যবস্থা রাখা বাঞ্ছনীয়। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে রাতে খেলা দেখার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *