পড়াশোনা করলেই মিলবে চাকরি, হারানো বিশ্বাস ফেরানোই নতুন শিক্ষামন্ত্রীর বড় চ্যালেঞ্জ!

পড়াশোনা করলেই মিলবে চাকরি, হারানো বিশ্বাস ফেরানোই নতুন শিক্ষামন্ত্রীর বড় চ্যালেঞ্জ!

বৃহস্পতিবার সল্টলেকের বিকাশ ভবনে আনুষ্ঠানিকভাবে স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব নিলেন আলিপুরদুয়ারের ফালাকাটার বিধায়ক তথা মন্ত্রী দীপক বর্মণ। দায়িত্ব নিয়েই তিনি স্পষ্ট করে দিলেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর প্রধান কাজ হবে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মনে এই বিশ্বাস ফিরিয়ে আনা যে, পড়াশোনা করলে চাকরি পাওয়া যায় এবং তা দিয়েই সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। সাম্প্রতিক অতীতে শিক্ষক দুর্নীতি ও নিয়োগ কেলেঙ্কারির জেরে যেভাবে লক্ষাধিক চাকরি বাতিলের ঘটনা ঘটেছে, তাতে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হওয়া হতাশা ও অনাস্থা দূর করাকেই তিনি সবচেয়ে বড় কাজ বলে মনে করছেন।

শিক্ষাব্যবস্থায় আস্থার সংকট

তৃণমূল সরকারের আমলে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনা গোটা রাজ্যের শিক্ষাব্যবস্থাকে এক গভীর সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে। যার ফলে বর্তমান প্রজন্মের একাংশের মধ্যে পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ার আগ্রহে ভাটা পড়েছে। এই পরিস্থিতিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে মন্ত্রী জানান, আগের সরকার এই দপ্তরকে তলানিতে নিয়ে ঠেকিয়েছে, তাই নতুন করে কাজ শুরু করা অপেক্ষাকৃত সহজ হলেও হারানো সম্মান ও বিশ্বাস পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ। তবে রাতারাতি ম্যাজিক হবে না স্বীকার করেও, তিনি ধাপে ধাপে পরিস্থিতি বদলানোর বার্তা দিয়েছেন।

নিয়োগ ও সিলেবাস সংস্কারের ভাবনা

শিক্ষক নিয়োগ সংক্রান্ত এসএসসির (SSC) মামলায় একাধিক আইনি জটিলতা থাকায় এই মুহূর্তে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী। তবে তিনি জোর দিয়ে বলেছেন, নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতভাবেই সম্পন্ন হবে। পাশাপাশি, অষ্টম শ্রেণির সিলেবাস থেকে সিঙ্গুর আন্দোলনের পাঠ্যক্রম বাদ যাওয়া বা বদলানোর মতো বিতর্কিত বিষয়গুলি নিয়েও তাঁর দপ্তর ভাবনাচিন্তা শুরু করেছে। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের স্বার্থে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে তাদের একই ছাতার তলায় নিয়ে আসার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *